সিডন্স-আনুকূল্যে বিব্রত হতেন জুনায়েদও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমি সিডন্সকে অনেক সময় সরাসরিই শুনতে হয়েছে কথাটা। জুনায়েদ সিদ্দিক শুনেছেন এ কান-সে কান হয়ে। কথাটা হলো, জুনায়েদ কোচের ‘পছন্দের খেলোয়াড়’। মাঠে পারফরম্যান্স যত খারাপই হোক, সিডন্সের কাছে জুনায়েদের সাত খুন মাপ!সিডন্স আর বাংলাদেশের কোচ নন। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া জুনায়েদও চালাচ্ছেন দলে ফেরার লড়াই। সিডন্স-জুনায়েদ প্রসঙ্গটা তবু হারিয়ে যায়নি। বরং পেয়েছে নতুন মাত্রা—সিডন্স যেহেতু আর কোচ নন, জুনায়েদের কী হবে? কাল একাডেমি মাঠের প্রস্তুতি ম্যাচে ৯৮ রান করে আউট হওয়ার পরও জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যানের সামনে প্রশ্ন—সিডন্সকে কি মিস করছেন?সত্য লুকাননি জুনায়েদ, ‘অবশ্যই মিস করছি। কোচ আমাকে অনেক সুযোগ দিয়েছেন। আমিই হয়তো পারিনি তাঁর আশা পূরণ করতে।’ সিডন্স-আমলে কোচের ‘পছন্দের খেলোয়াড়’ বলে যে ‘খ্যাতি’ কুড়িয়েছেন, অস্বীকার করছেন না সেটাও। তবে কোচ কেন তাঁকে এত পছন্দ করতেন, সেই ব্যাখ্যা জুনায়েদের কাছে নেই, ‘সিডন্স যে আমাকে সাপোর্ট করতেন সেটা বুঝতে পারতাম। কিন্তু আমিও জানি না কেন। হতে পারে আমার পরিশ্রম করার মানসিকতা তাঁর ভালো লেগেছিল। উনি কোচ হয়ে আসার পর পর ভালো কয়েকটা ইনিংস খেলেছিলাম। হয়তো সে কারণেই...।’কোচের আনুকূল্য অর্জনের চেষ্টা করা খেলোয়াড় সব দলে সব সময়ই ছিল, থাকবে। বাংলাদেশ দলও এর বাইরে থাকার কথা নয়। দুই চক্কর বেশি দৌড়ে কিংবা জিমনেসিয়ামে মুখে ‘হু-হা’ শব্দ তুলে ব্যায়াম করে কোচের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় কাতর খেলোয়াড় এই দলেও পেতে পারেন। তবে জুনায়েদের দাবি, পারফরম্যান্স ছাড়া অন্য কিছু দিয়ে কোচকে খুশি করার চিন্তা কখনোই তাঁর ছিল না, ‘অনেকে কোচকে দেখানোর জন্যও অনুশীলনে অনেক কিছু করতে পারে। আমি সেটা করিনি। ব্যাপারটা এমনও না যে আমি কোচের (সিডন্স) বাসায় রাজশাহী থেকে ২০ কেজি আম নিয়ে গেছি বা তাঁকে তোষামোদ করেছি। আমি কখনো তাঁর বাসায় যাইনি। অনুশীলনে কোচও কখনো আমাকে বাড়তি সময় দেননি।’সিডন্সকে জীবনে ফোনও নাকি মাত্র দুবারই করেছেন। একবার কী একটা কারণে অনুশীলনে আসতে পারবেন না জানাতে। আরেকবার বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার আগে কোচকে ‘বিদায়’ বলতে। কিন্তু ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকা জুনায়েদের সেই ফোনটা ধরেননি সিডন্স। তার পরও যখন মানুষের মুখে মুখে ঘুরেছে সিডন্সের ‘জুনায়েদ-প্রীতি’র কথা, জুনায়েদ বিব্রতই হতেন, ‘কোচের ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। এখানে আমার তো কিছু করার ছিল না! নতুন কোচ এসে হয়তো আর কাউকে পছন্দ করবেন। তবে শেষ দিকে আমারও খারাপ লাগত। বুঝতে পারতাম, অনেকে অনেক কথা বলছে। পুরো বিষয়টা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল।’জুনায়েদ খারাপ লাগার একটা উদাহরণও দিলেন, ‘প্রিমিয়ার লিগে খুব বাজে ফর্ম গেলেও গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কোচ আমাকে দলে নেওয়ার ঝুঁকি নিলেন। তখন খুব অস্বস্তিতে পড়েছিলাম।’ পরে অবশ্য ব্যাট হাতেই সেই অস্বস্তি দূর করেছেন জুনায়েদ, দিয়েছেন আস্থার প্রতিদান। চট্টগ্রামে প্রথম টেস্ট বসে থাকলেও ঢাকায় পরের টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করলেন, তামিম ইকবালের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রান। ‘সে বছর আমি টানা ভালো খেলে গেছি। লর্ডসে পরপর দুটি ফিফটি করি। এশিয়া কাপে খেলি ৯৬ রানের একটা ইনিংস। আয়ারল্যান্ডে গিয়ে সেঞ্চুরি করেছি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও ভালো খেললাম’—কাল বলছিলেন জুনায়েদ সিদ্দিক।জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেলে পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা আবার ফিরিয়ে আনতে আত্মবিশ্বাসী তিনি। সেটা জরুরিও কারণ, কোচের প্রিয় হয়ে উঠলেও কোচ তো বদলায়, ‘আমিও জানি, কোচের পছন্দ নিয়ে খেলার চিন্তা করলে ক্যারিয়ার বেশি দূর যাবে না। একজন কোচই তো আর আজীবন থাকে না। সেটা হলে বাংলাদেশের খেলা ছেড়ে দিয়ে এখন আমাকে নিউজিল্যান্ডে (সিডন্স এখন নিউজিল্যান্ডের ওয়েলিংটন দলের কোচ) চলে যেতে হতো।’অবশ্য একটা জায়গায় জেমি সিডন্সের কাছে আজীবনই ঋণী হয়ে থাকবেন জুনায়েদ, ‘সিডন্স মূল উন্নতিটা করেছে আমার মানসিকতায়। শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে নার্ভাস থাকতাম। এখন ওই জিনিসটা কেটে গেছে।’প্রিয় খেলোয়াড়ের ধন্যবাদটা কি শুনতে পাচ্ছেন জেমি সিডন্স?