সিডন্স আপাতত বোলিং কোচও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের অনুশীলন শুরু হবে আজ থেকে। এর আগে কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে খেলোয়াড়দের অনুশীলন পরিকল্পনা ব্যাখ্যা করলেন কোচ জেমি সিডন্স। যে অনুশীলনের মূলমন্ত্র একটাই—কঠোর পরিশ্রম।অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের রিপোর্টিং করা নিয়মিত ব্যাপার। তবে সামনে যেহেতু বিশ্বকাপ এবং মূলত নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দলে থাকা ২৬ ক্রিকেটারের মধ্য থেকেই গড়া হবে বিশ্বকাপের দল, এবার রিপোর্টিংটাও পেল বাড়তি মনোযোগ। কাউন্টি খেলতে সাকিব আল হাসান দেশের বাইরে। ব্যক্তিগত সমস্যার কারণে রিপোর্টিং এবং সিডন্সের সভায় উপস্থিত হতে পারেননি মুশফিকুর রহিমও। তবে সগীর হোসেন এসেছেন সভা শেষ হওয়ার পর।অনুশীলনের ‘ব্লু প্রিন্ট’ তৈরি হয়ে গেলেও আসল জায়গা নিয়ে দুশ্চিন্তা থাকছেই। অনুশীলনটা শুরু করতে হচ্ছে বোলিং কোচ ছাড়াই। ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন ঢাকায় এসে কাল দলীয় কার্যক্রমে যোগ দিলেও ল্যান্স ক্লুজনার কবে আসবেন, সেটি নিশ্চিত করে বলতে পারছে না বিসিবিও। এ অবস্থায় আজ থেকে শুরু অনুশীলনে প্রধান কোচ সিডন্সই নেবেন বোলিং কোচের ভূমিকা। কাল সভা শেষে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘বোলিং কোচ যত তাড়াতাড়ি যোগ দেবেন ততই ভালো। তিনি না আসা পর্যন্ত জেমিই (সিডন্স) বোলিংটা দেখবেন বলে জানিয়েছেন। অনুশীলনে বোলারদের নিয়েই তিনি বেশি কাজ করবেন।’ব্যাটিংটা মোটামুটি ধারাবাহিক হলেও বাংলাদেশ দলের দুশ্চিন্তা এখন বোলিং ও ফিল্ডিং। আজ থেকে শুরু অনুশীলনে এই দুই জায়গায়ই বেশি কাজ করতে হবে বলে মনে করছেন মাশরাফি, ‘আমরা গত কিছুদিনে যে কয়টা ম্যাচ হেরেছি বোলিং আর ফিল্ডিংয়ের কারণেই হেরেছি। ব্যাটিংয়ে ধারাবাহিকতা থাকলেও বোলিং-ফিল্ডিং ভালো হচ্ছে না আমাদের।’ নতুন ফিল্ডিং কোচ ফাউন্টেন অবশ্য সভায় তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় প্রেরণাদায়ী কথাই বলেছেন। তিনি নিজে সামর্থ্যের পুরোটা ঢেলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, বিনিময়ে ক্রিকেটারদের কাছ থেকেও চাইছেন সামর্থ্যের সবটুকু।ক্রিকেটারদের কাছ থেকে সিডন্সের প্রত্যাশাও একই রকম। শুধু ‘কমিটমেন্ট’ নয়, ‘কমিটমেন্টের’ বাস্তবায়নও দেখতে চেয়েছেন কোচ।