সিডন্সের জন্য স্বস্তির খবর
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে এ পর্যন্ত খেলা হয়েছে মোট ৪২টি ম্যাচ। এই ৪২টি ম্যাচের ফিকশ্চার সিসিডিএম দিয়েছে চারবারে! কখনো দুই রাউন্ড, কখনো এক রাউন্ড করেও দেওয়া হয়েছে ফিকশ্চার। কাল বিশ্বকাপ প্রস্তুতি শুরুর দিনে সিসিডিএমের এই ফিকশ্চার-রঙ্গ বিভ্রান্তিতে ফেলে দিল জাতীয় দলের কোচ জেমি সিডন্সকে।কবে কবে ক্রিকেটারদের একসঙ্গে পাবেন, প্রিমিয়ার লিগের আর কয় রাউন্ড খেলবেন তাঁরা—এসব নিয়ে অন্ধকারে থাকায় অনুশীলনসূচি তৈরি করতে পারছিলেন না সিডন্স। কাল সন্ধ্যায় বিসিবির টেকনিক্যাল কমিটির সঙ্গে সিসিডিএমের সভাটা এই অস্বস্তি থেকে মুক্তি দিয়েছে তাঁকে। সভায় সিদ্ধান্ত হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়েরা ২০ জানুয়ারি শেষ হতে যাওয়া প্রিমিয়ার লিগের প্রথম পর্বেই শুধু খেলবেন। ২৪ জানুয়ারি থেকে শুরু সুপার লিগে বিশ্বকাপ দলের কেউ খেলতে পারবেন না। ফিকশ্চার-রঙ্গের আপাত অবসান ঘটিয়ে কাল লিগ পর্বের বাকি চার রাউন্ডের সূচিও একসঙ্গে দিয়ে দিয়েছে সিসিডিএম। সিসিডিএম প্রধান জি এস হাসান তামিম জানিয়েছেন, মাঠ নিয়ে অনিশ্চয়তার কারণেই এর আগে কাজটা করা যায়নি, ‘কোন মাঠে কবে খেলা চালানো যাবে, গ্রাউন্ডস কমিটি থেকে সেটা আমাদের কখনোই একসঙ্গে জানানো হয়নি। সে কারণেই এত দিন এক-দুই রাউন্ড করে ফিকশ্চার দেওয়া হয়েছে।’কিন্তু কাল যে একসঙ্গে চার রাউন্ডের ফিকশ্চার দেওয়া হলো, সেটাও আবার আইসিসির নির্দেশনা উপেক্ষা করে! আইসিসি থেকে বলা আছে, ১৫ জানুয়ারির পর যেন কোনো বিশ্বকাপ ভেন্যুর মাঝ উইকেট ব্যবহার করা না হয় অথচ নতুন ফিকশ্চারে ১৬, ১৭, ১৯ ও ২০ জানুয়ারি ম্যাচ দেওয়া হয়েছে মিরপুর আর ফতুল্লা স্টেডিয়ামে। সিসিডিএম প্রধান অবশ্য মনে করছেন, এতে বড় কোনো সমস্যা হবে না, ‘আইসিসি ১৫ তারিখ পর্যন্ত বললেও আমরা ২০ জানুয়ারি পর্যন্ত মাঠ ব্যবহার করব বলে জানিয়েছি। এই ম্যাচগুলোয় আমরা নতুন ইলেকট্রনিক স্কোর বোর্ড পরীক্ষার সুবিধাটাও নিতে পারি। তবে সুপার লিগের ম্যাচ চলে যাবে বগুড়া-রাজশাহীতে।’