সিডন্সের বাংলাদেশ-অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরে বাংলাদেশকে কম চিনে যাননি। ঢাকার রাজপথে সঙ্গিনীকে নিয়ে রিকশায় ঘুরেছেন।্রপুরান ঢাকার ধূপখোলা মাঠে গিয়ে স্থানীয় তরুণদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। বহুবার বলেছেন, বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাঁর ভালো লাগে।কিন্তু বাংলাদেশ দলের কোচ হিসেবে জেমি সিডন্স সবচেয়ে কাছ থেকে দেখেছেন তো বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার আর ক্রিকেট প্রশাসকদেরই। সেই দেখা থেকেই উপলব্ধি, সংকীর্ণ রাজনীতি আর সিদ্ধান্তহীনতার চক্র থেকে বেরিয়ে আসতে না পারলে ক্রিকেট-জাতি হিসেবে কখনোই বেড়ে উঠবে না বাংলাদেশ। গত সপ্তাহে অস্ট্রেলিয়া ফিরে যাওয়া সাবেক বাংলাদেশ কোচ ইএসপিএন-ক্রিকইনফো ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নের পথে আরও সব প্রতিবন্ধকতার কথাও বলেছেন।সিডন্স চলে যাওয়ার পর বিসিবির এক কর্মকর্তা আক্ষেপ করে বলছিলেন, ‘ও খারাপ কোচ ছিল না। কিন্তু বেশি স্ট্রেট ফরোয়ার্ড। মুখের ওপর অনেক কথা বলে দেয়। নইলে আমাদের জন্য ভালোই ছিল।’ অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে সিডন্সেরও উপলব্ধি, তাঁর চুক্তি নবায়ন না হওয়ার একটা কারণ হতে পারে, ‘যতটুকু বলা উচিত ছিল হয়তো তার চেয়ে বেশিই বলে ফেলতাম। সম্ভবত সে কারণেই আমার চাকরিটা গেছে। তবে আমি তাদের ভালো চাইতাম, উন্নতি চাইতাম। আমি জানতাম কেন তারা ভালো করতে পারছে না। চাইতাম সবাই যেন আমার কথা শোনে।’ বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তাঁর সবচেয়ে সঠিক মূল্যায়ন সম্ভবত পরের কথাটাই, ‘সবাই জানে কী করতে হবে, কিন্তু সেটা কাউকে করতে দেখা যায় না। টাকার সমস্যা নাকি তারা এমনিতেই করছে না, ঠিক বলতে পারব না।’বাংলাদেশে কাজ করতে গিয়ে অনেক সময়ই অনেক সমস্যায় পড়েছেন সিডন্স। কিন্তু সমাধানের পথ খোঁজাটা অস্ট্রেলিয়ার তুলনায় ভিন্নই মনে হয়েছে এখানে, ‘অস্ট্রেলিয়ায় আমরা ভুল করলে সেটা শোধরানোর চেষ্টা করি।্রএ নিয়ে প্রকাশ্যে অনেক আলোচনা করি। কিন্তু বাংলাদেশে দেখেছি এসব ক্ষেত্রে খুব কৌশলী হতে হয়।’রাজনীতির দুষ্টচক্রও যে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় একটা বড় প্রতিবন্ধকতা, সেটাও এই চার বছরে বুঝে গেছেন সিডন্স। চার-পাঁচ বছরের মেয়াদ নিয়ে একেকটা বোর্ড আসে এবং তাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা থাকে না। সিডন্সের পরামর্শ, ‘বাংলাদেশের উচিত অন্য (দেশের) ক্রিকেট প্রশাসনের দিকে তাকানো এবং তাদের কাছ থেকে দিকনির্দেশনা নিয়ে সেসব অনুসরণ করা। দেখবেন সবকিছু কতভাবে ভালোভাবে এগোয়।’ স্থানীয় কোচদের উন্নতিতেও আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ তাঁর, ‘বিদেশ থেকে আরও বেশি কোচ এনে তাদের মূল জায়গাগুলোয় বসাতে হবে এবং তাঁদের তত্ত্বাবধানেই স্থানীয় কোচদের শেখাতে হবে। অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ ও একাডেমি দলের কোচও যেন ভালো বিদেশি কোচ হয়।’এসব ক্ষেত্রে যেটা হয়, পরিবেশ-পরিস্থিতি এবং পারিবারিক কারণেও অনেক সময় বিদেশি কোচরা আসতে চান না বাংলাদেশে। সিডন্স মনে করেন, বিদেশিদের জন্য বাংলাদেশে কাজ করাটাকে উপভোগ্য করতে হবে। ভালো পারিশ্রমিক দিতে হবে, যেন তাঁরা পরিবার-পরিজন নিয়েই এখানে থাকতে পারেন।অনেক সমস্যার কথা বললেও বাংলাদেশের ক্রিকেটে যে ধীরে হলেও উন্নতি হচ্ছে, সাবেক কোচ সেটিও মনে করিয়ে দিয়েছেন, ‘আপনি হুট করে বলতে পারবেন না “চলো জিততে থাকি, কোয়ার্টার ফাইনালে খেলি, সেমিফাইনালে খেলি।” আমি বরং ব্যাপারটাকে এভাবে দেখি, “আমরা কী করছি? এগোচ্ছি না পেছাচ্ছি”?’ বাংলাদেশ যে উন্নতির পথেই হাঁটছে, সেটাও উদাহরণ দিয়ে দেখিয়েছেন সাবেক কোচ, ‘এই বিশ্বকাপে আমরা ছয় ম্যাচের মধ্যে চারবার ২০০ রান করেছি। অথচ আগের তিন বিশ্বকাপ মিলে আমরা ২০০ রান করেছি মাত্র তিনবার।’ বাংলাদেশ দলের পারফরম্যান্সের কথা বলতে গিয়ে ২০১০ সালে করা ভালো ব্যাটিংটাকেও তুলে ধরেছেন তিনি।অস্ট্রেলিয়া ফিরে গেলেও এখনো নতুন কোনো কাজে যোগ দেননি। তবে দরখাস্ত ফেলছেন অনেক জায়গাতেই। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর দল ওয়েলিংটন ও ওটাগোতে পদ খালি আছে। চাকরির সুযোগ আছে নিউ সাউথ ওয়েলসেও।