সিডন্সের মতো আরেকজন
ক্রিকেটীয় শক্তি, খেলার ধরন—সবকিছুতেই নাকি বাংলাদেশ-জিম্বাবুয়ের অনেক মিল। মিল যে আরেকটা জায়গাতেও আছে, খেয়াল করেছেন? দুই দলের কোচই খেলোয়াড়ি জীবনে ছিলেন ‘ভাগ্যহত!’প্রথম শ্রেণীর ক্রিকেটে সাড়ে ১১ হাজার রান, ৩৫ সেঞ্চুরি, জেমি সিডন্সকে মনে করা হয় টেস্ট খেলতে না পারা সেরা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। সিডন্সের প্রায় দ্বিগুণ রান, ৪৬ সেঞ্চুরি, জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচারকে অনায়াসেই বলা যায় সিডন্সের ইংলিশ সংস্করণ। বলা যাচ্ছে না, কারণ, বুচারের ভাগ্য কিঞ্চিৎ ভালো। একটি ওয়ানডের পাশাপাশি একটি টেস্ট খেলার সৌভাগ্য তাঁর হয়েছে!তবে এটাকে সৌভাগ্য মানতে যথেষ্ট আপত্তি বুচারের। ফেলে আসা দিনগুলো হয়তো সিডন্সের কাছে কখনো কখনো আক্ষেপের কারণ, ‘একটা টেস্ট যদি অন্তত খেলতে পারতাম!’ কিন্তু ওই একটা টেস্ট খেলার স্মৃতিই বুচারের মনে জ্বালা ধরায়, ‘অন্য সবকিছু বাদ দিলাম, শুধু নিজের সন্তুষ্টির জন্য হলেও আমি আরও কিছু টেস্ট খেলতে চেয়েছিলাম। মাত্র একটা টেস্ট একজনকে কতটা চেনায়! গোটা দশেক টেস্ট খেলে ব্যর্থ হলে না হয় নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারতাম যে আমার সামর্থ্য নেই। কিন্তু সেই সুযোগটাই পেলাম না। ওই সময় যারা টেস্ট খেলেছে, তাদের অনেকের চেয়ে আমার প্রথম শ্রেণীর রেকর্ড ভালো ছিল। এটাই সবচেয়ে বড় আফসোসের যে, জানলাম না আমি পারতাম কি না।’ওয়েইন লারকিনসের চোটের সুযোগে ১৯৭৯ সালে ভারতের বিপক্ষে ওভালে টেস্ট অভিষেক বুচারের। তবে ২০ ও ১৪ রান করার পর সেই যে বাদ পড়লেন, আর সুযোগই হলো না। বাদ পড়ার পরের বছরই কাউন্টিতে ১৭০০ রান করেছিলেন। তাঁর অর্ধেক রান করেও দু-একজন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ঢুকে গেল, কিন্তু বিস্ময়করভাবে তিনি ডাক পেলেন না। এরপর সারের হয়ে রানের বন্যা বইয়ে হয়েছেন উইজডেন ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’, লাভ কিছু হয়নি। তাঁর অপূর্ণতা পরে অনেকটা ঘুচেছে ছেলের সাফল্যে। লোকে তাই এখন তাঁকে কাউন্টিতে রাজত্ব করা ব্যাটসম্যান হিসেবে নয়, চেনে ইংল্যান্ডের সাবেক টেস্ট তারকা মার্ক বুচারের বাবা হিসেবে!শুধু আরও টেস্ট খেলতে না পারাই নয়, সিনিয়র বুচারের আক্ষেপ তো ক্রিকেট জীবনের প্রায় শুরু থেকেই। মা-বাবার অভিবাসনের সুবাদে ১০ বছর বয়সে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। ক্রিকেটের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত হয় ওখানেই। সাউথ অস্ট্রেলিয়া জুনিয়র দলের হয়ে সুযোগ পেয়ে যান অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে। কিন্তু এর পরপরই মা-বাবা ফিরে আসেন ইংল্যান্ডে। ‘এই সিদ্ধান্তের জন্য মা-বাবাকে কখনোই ক্ষমা করতে পারিনি। শুধু ক্রিকেট নয়, লাইফ স্টাইল, পরিবেশ—সব মিলিয়েই অস্ট্রেলিয়ার হয়ে খেলার ইচ্ছে ছিল আমার প্রবল’—দীর্ঘশ্বাস ফেলেন বুচার।ছেলে মার্কের ক্যারিয়ারও অনেকের আক্ষেপের কারণ। ৭১ টেস্টে চার হাজারের বেশি রান করেছেন, কিন্তু প্রতিশ্রুতি কি পরিণতি পেয়েছে? অ্যালানের কাছে এর ব্যাখ্যা অবশ্য অন্য রকম, ‘ওর ক্যারিয়ারের প্রথম ভাগে ও ব্যর্থ, গড় মনে হয় ২৫-এর মতো। তবে দ্বিতীয় ভাগটা সফলই ছিল, ৪৫ গড়। তিন নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল। এ সময় দক্ষিণ আফ্রিকায় চোট পাওয়াতেই ঝামেলা হলো, এরপর আর কখনোই দলে সুযোগ পায়নি।’ ছেলের এই রূপান্তরে বড় ভূমিকা ছিল বাবার, দল থেকে বাদ পাওয়ার পর নিজেকে শোধরাতে বাবার কাছে গেলেন মার্ক। তিন-চার মাস টেকনিক নিয়ে কাজ করেন দুজন। এরপর ইংল্যান্ড দলে ফিরলেন অন্য মার্ক বুচার।বাবা-ছেলের সম্পর্ক এখনো দারুণ। নিয়মিত যোগাযোগ হয় ফোনে-ফেসবুকে। ক্রিকেট ছাড়ার পর মার্ক ক্যারিয়ার গড়ছেন মিউজিকে, ‘দ্য মার্ক বুচার ব্যান্ড’-এর লিড ভোকাল ও গিটারিস্ট তিনি। গত আগস্টে একটি অ্যালবাম বেরিয়েছে, বাংলাদেশে এসে প্রতিদিনই সেই অ্যালবামের গান শুনছেন বাবা। এই দুজন ছাড়াও কিন্তু পরিবারে ক্রিকেটার ছিল এবং আসছে আরও। অ্যালানের দুই ভাই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন, মার্ক ছাড়া আরেক ছেলে গ্যারিও ১০ বছর খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ১৬ বছর বয়সী যমজ দুই মেয়ের একজন ক্রিকেট শুরু করলেও এখন জিমন্যাস্টিকসে। তবে আরেকজন এসেক্সের জুনিয়র মহিলা দলে খেলছেন।অ্যালানের কোচিং ক্যারিয়ার শুরু এসেক্সে। পাঁচ বছর পর দায়িত্ব নেন সারের। কিন্তু তিক্ততায় শেষ হয় তিন বছরের সারে-অধ্যায়। যে কাউন্টির হয়ে প্রায় পুরো ক্যারিয়ার খেলেছেন, দায়িত্বের মাঝপথেই তারা বরখাস্ত করায় খুব কষ্ট পেয়েছিলেন। তবে এখন আর ওসব নিয়ে ভাবেন না, ভাবেন না খেলোয়াড়ি জীবনের অপ্রাপ্তি নিয়েও। দেখতে ‘রাশভারী ইংলিশ বুড়ো’র মতো হলেও ইতিমধ্যে তাঁর রসবোধের পরিচয় অনেকবারই পেয়েছেন বাংলাদেশের সাংবাদিকেরা। এটিই অ্যালানের এখনকার জীবনদর্শন, ‘এমনিতেই আমাদের অনেক চাপে থাকতে হয়। আমি তাই একটু মজা করার চেষ্টা করি। কারণ, উপভোগ করতে না পারলে কোনো কাজেই সাফল্য আসে না।’