সিডন্সের যাওয়া-আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝটিকা সফরই বলতে হবে এটাকে। ৫ ডিসেম্বর রাতে ঢাকা থেকে উড়লেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের উদ্দেশে। মাঝে দুই দিনও ঠিকমতো থাকলেন না স্ত্রী আর নবজাতক সন্তানের সঙ্গে। ৮ তারিখে রওনা দিয়ে পরশু রাতে আবার ঢাকায়। কাল সকালের বিমান ধরে চলে এলেন চট্টগ্রামেও।চট্টগ্রামের আকাশ কাল সকালেও ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু বাংলাদেশ কোচ জেমি সিডন্সের চেহারায় ঔজ্জ্বল্য। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় অভিনন্দন জানাতেই ধন্যবাদ দিয়ে জানালেন, স্ত্রী কিম সুস্থ আছেন। নবজাতক পুত্রসন্তান টোবি সিডন্সকে নিয়েও সমস্যা নেই। তবে ঝুঁকি এড়াতে আপাতত সে আছে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে। ঢাকা ছাড়ার আগে সিডন্স শুনেছিলেন, ব্রিসবেন হাসপাতালে ভর্তি হওয়া স্ত্রী কিমের অবস্থা জটিল। দল সিরিজের মধ্যে থাকলেও ফেরার দিন-তারিখ তাই তখনই বলে যেতে পারেননি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্রুতই বাংলাদেশে ফিরে এসেছেন কোচ।ঢাকায় ফ্লাডলাইট কেলেঙ্কারি দেখে গিয়েছিলেন সিডন্স। কাল চট্টগ্রামে এসে হলো আরেক অভিজ্ঞতা। মাথার ওপর সূর্য, অথচ ভোরবেলার বৃষ্টির পার্শ্বপ্রতিক্রিয়ায় খেলা বাতিল! জেমি সিডন্সকে একটু অসন্তুষ্টই মনে হলো, ‘পা রাখলেই মাঠ থেকে পানি উঠছে! সূর্য ওঠার পরও মাঠ শুকাতে সময় লাগছে। আন্তর্জাতিক ম্যাচের জন্য এ রকম পরিস্থিতি অগ্রহণযোগ্য।’এসব কথা তিনি বলেছেন কাল ম্যাচ বাতিল হওয়ার পর। নইলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ-উইকেটের অবস্থা যে সঙ্গীন, সেটা তিনি দেখে গেছেন এখানে তিন দিনের অনুশীলন ক্যাম্পে এসেই, ‘তখনই দেখেছি আউটফিল্ড কতটা স্লো। উইকেটও খুব টার্নিং। এটা ১২০-১৩০ রানের উইকেট, বড় জোর ১৫০-১৬০ রান হতে পারে এখানে।’