সিডন্সের হূদয়ে লাল-সবুজ
পরনের টি-শার্টে বড় করে লেখা—সুইজারল্যান্ড। পরিচিত একজন রসিকতাই করলেন, ‘সুইজারল্যান্ডের কোচ হচ্ছো নাকি!’ মুণ্ডিত মস্তকে একবার হাত বুলিয়ে কাঁধ নাচালেন জেমি সিডন্স, ‘যেতেও পারি!’রসিকতা, স্রেফ রসিকতা। তবে চাইলে আগামী কিছুদিনের মধ্যে সুইজারল্যান্ডেও তো যেতে পারেন বাংলাদেশের বিদায়ী কোচ। ছুটি কাটানোর জন্য সুইজারল্যান্ডের চেয়ে উত্তম জায়গা আর কী হতে পারে!ছুটি! এটাই এখন এই অস্ট্রেলীয়র পরবর্তী লক্ষ্য। অনেক হ্যাঁপা গেছে। বিশ্বকাপে কোটি কোটি মানুষের প্রত্যাশার আঁচ লেগেছে তাঁর গায়েও। ছুটিটা দরকারও। সাড়ে তিন বছর বাংলাদেশে থাকার ফলে টুকটাক বাংলা তো বলতেই পারেন। তবে ‘আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি’ গানটাও শিখে ফেলেছেন—এতটা আশা করা হয়তো বাতুলতা। ছুটি পাওয়ার আনন্দে সেই গান নিশ্চয়ই তিনি গাইছেন না। আর ছুটি পাওয়াটা সব সময় আনন্দের নাও হতে পারে। কিছু কিছু ছুটি হয়ে আসে বড় বিষাদময়। মনের ভেতরে চলে টানাপোড়েন। ছুটি পেয়ে মন খারাপও হয়!কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনাড়ম্বর বিদায় সংবর্ধনায় সিডন্সকে দেখে তেমনটাই মনে হলো। পরনে থ্রি-কোয়ার্টার প্যান্টের ওপর হালকা লাল রঙের টি-শার্ট। ধোপদুরস্ত হয়ে আসেননি। এলে সেটাই বেমানান মনে হতো। ‘কোচ’সুলভ ভাবভঙ্গি যিনি কোনো দিন করেননি, বিদায়বেলায় সেটি করলে বরং নাটুকেই লাগত।সিডন্সের সবচেয়ে বড় নিন্দুকও স্বীকার করবে, মানুষটা বড় সরল। অহমিকা নেই। কালও যেমন অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছিল বলে সাংবাদিকদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন। জমিয়ে? নাহ্, একটু সুর তো কেটে যাচ্ছিলই। যতই সবাই সাধারণ কৌতুকেও হেসে উঠুক, অলক্ষ্যে বিদায়ের সুর তো বাজছিল সবার কানেই।সত্যিকারের বিদায়ের সুরটা বেজে উঠল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদ যখন অনুষ্ঠান শুরুর ঘোষণা দিলেন। সিডন্সকে সঙ্গে নিয়ে মঞ্চে বসলেন বিসিবির সভাপতি আ হ ম মোস্তফা কামাল, মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। প্রথমেই স্বাগত বক্তব্য দিলেন মোস্তফা কামাল। বাংলাদেশের ক্রিকেটে সিডন্সের অবদানের কথা স্বীকার করে বললেন, ‘জেমিকে ধন্যবাদ। মানুষ হিসেবে জেমি ছিলেন সত্যিই অসাধারণ। বাংলাদেশের ক্রিকেটকে তিনি অনেকটা এগিয়ে দিয়েছেন। তাঁর সময়ে আমরা অনেক সাফল্য পেয়েছি। দলের মান বেড়েছে, ক্রিকেটারদের মানও বেড়েছে। ছেলেরা অনেক কিছুই শিখেছে।’পেশাদার সম্পর্কের বাইরে তাঁর সঙ্গে যে আবেগের সম্পর্কে বাঁধা পড়েছিল, তারই দাবি নিয়ে কামাল জানালেন, ‘আশা করি তিনি যেখানেই যান, বাংলাদেশকে মনে রাখবেন। তাঁর সমর্থন সব সময় আমাদের সঙ্গে থাকবে।’তা থাকবে। বিদায়ী বক্তব্য দিতে উঠে সিডন্সের আবেগছোঁয়া কণ্ঠে সেই প্রতিশ্রুতি থাকল। বক্তব্যের বেশির ভাগজুড়ে থাকল ধন্যবাদের লিস্টি, ‘থ্যাংক ইউ। বাংলাদেশ বোর্ডকে ধন্যবাদ আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। পরিবারসহ এখানে আমি দারুণ সময় কাটিয়েছি। সত্যিই অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। দেশটাও সুন্দর। আমার সময়ে ছেলেরা তুলনামূলক অনেক উন্নতি করেছে। এটাই সবচেয়ে তৃপ্তির।’জেমির ধন্যবাদের তালিকায় যুক্ত হলেন তাঁর কোচিং স্টাফরাও। সিডন্সের সাফল্য-ব্যর্থতার দিনগুলোতে তাঁদের অনেকেই ছিলেন তাঁর ছায়াসঙ্গী। ধন্যবাদ দিলেন নির্বাচকদের; যাঁদের সঙ্গে সব সময় হয়তো মতের মিল হয়নি, কিন্তু বেশির ভাগ সময় কাঁধ মিলিয়েই কাজ করেছেন বলে জানালেন। ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটপাগল মানুষকেও। দুই দিন পর দেশের বিমানে ওঠার সময় তাঁর সঙ্গী হবে মানুষের এই নিখাদ ভালোবাসাও।বক্তব্য শেষে জেমির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হলো। কিছু উপহারও পেলেন। তবে এই সব লৌকিকতা আর মুখের ধন্যবাদই তো শেষ কথা নয়। মনের গভীরতম প্রদেশের ভালোবাসাটাই আসল। আসল বলে গভীর আবেগে জেমি জড়িয়ে ধরলেন টিমবয় খোকনের মতো সাধারণ কর্মচারীটিকেও। তবু কোথাও যেন ছবিটায় একটা ফাঁক থেকে গেল। তাঁর বাড়িয়ে দেওয়া আলিঙ্গনে যে অন্তত এদিন প্রিয় শিষ্যদের কেউ ছিলেন না। সাকিব তো আইপিএলে। বাকি ক্রিকেটাররাও ছুটিতে। এই অনুষ্ঠানে আসার জন্য বিসিবি থেকে তাঁদের কাউকে আমন্ত্রণ জানানোও হয়নি।এই শূন্যতাটুকু বাদ দিলে ২০০৭-এর অক্টোবর থেকে শুরু হওয়ার বৃত্তটা পূর্ণ হলো ভালোভাবেই। এভাবে অনাড়ম্বর কিন্তু আন্তরিক বিদায় সংবর্ধনা দিয়ে শেষ বাংলাদেশের অনেক বিদেশি কোচের কপালেই জোটেনি। তবে এ কথাও ঠিক, এমন আন্তরিক বিদায় সিডন্সের প্রাপ্যই ছিল।সিডন্স কথা দিয়েছেন, বাংলাদেশকে ভুলবেন না। বাংলাদেশের সমর্থকেরাও তাঁকে কথা দিচ্ছে, ‘আমরা তোমাকে ভুলব না!’