সিডন্সেরই আশা নেই
২৭ মে থেকে শুরু দুই টেস্টের সিরিজে বাংলাদেশ জিতবে, না ইংল্যান্ড?হাস্যকর সম্ভাব্য উত্তরটা জেমি সিডন্সেরও জানা। ইংল্যান্ডে ক্রিকইনফোর কাছে বাংলাদেশ কোচ ব্যাখ্যা করে বলেছেন সিরিজটাতে ‘কী হইলে কী হইবে’। তাঁর সমীকরণে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডের টেস্ট দুটিতে বাংলাদেশের সম্ভাবনা আসলে শূন্যের কোঠায়!সিডন্সের চোখে ইংল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখাটাই যেন বৃথা! বাস্তবতাও তা-ই, কিন্তু একটা সিরিজের আগে কোচ নিজেই যদি বলে দেন, ‘বিশ্বের সেরা দলগুলোকে হারানোর স্বপ্ন আমরা দেখতে পারি না’, বাকিদের তো আর কিছু বলারই থাকে না। কে জানে, হয়তো এটাই বাংলাদেশ কোচের নীতি, যে নীতির ওপর দাঁড়িয়ে তাঁর ব্যাখ্যা, ‘...আমরা তাদের (ইংল্যান্ড) উড়িয়ে দেওয়ার আশা করতে পারি না। তারা এবং আমরা, দু দলই যদি নিজেদের সেরা খেলাটা খেলি, সমীকরণ অনুযায়ী তাদেরই জেতার কথা। তবে আমরা যদি ভালো খেলি এবং তারা যদি খুব খারাপ খেলে, তাহলে আমরা জিতব।’ ওয়েবসাইট।ক্রিকেটীয় সামর্থ্যে বাংলাদেশ-ইংল্যান্ডের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা তাপমাত্রার কনকনে ঠান্ডা। সফরটাকে বাংলাদেশ দলের জন্য ‘কঠিন’ বলে সিডন্সের ঘোষণার এটাও একটা কারণ, ‘খুবই কঠিন সফর এটা। এখানে ভয়াবহ ঠান্ডা, আর আমরা এসেছি ৩৬ ডিগ্রি তাপমাত্রা থেকে। বছরের এই সময়ের আবহাওয়ার সঙ্গে এখানে মানিয়ে নেওয়াটা যে কারও জন্যই কঠিন, ৩৬ ডিগ্রি থেকে আসাদের কথা বাদই দিন।’ ওভালে সারের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তার পরও খারাপ করেনি বাংলাদেশ। জহুরুল সেঞ্চুরি (১৫৯) করেছেন, আশরাফুল ৮৯ রানের ইনিংস খেলে দিয়েছেন ফর্মে ফেরার ইঙ্গিত।তবে এ ম্যাচে বোলিং ছিল হতাশাজনক। দুই ইনিংসে ৬৩১ রান দিয়ে সারের মাত্র ১০টি উইকেট ফেলা গেছে। সিডন্স গোপন করতে পারেননি সে হতাশা, ‘শর্ট বল করেছে বোলাররা। অধৈর্য হয়ে উইকেট নিতে গেছে। এই পেস নিয়ে উইকেটের পেছনে ছুটে লাভ নেই। ব্যাটসম্যানদের ভুলের জন্য অপেক্ষা করতে হবে।’সিডন্স আশরাফুলকে নিয়ে এখনো যেন বিরক্ত, ‘ও (আশরাফুল) এ রকমই, এটা নিয়ে ভাবাই ছেড়ে দিয়েছি আমি। সে চেষ্টা করে, কিন্তু দ্রুতই ধৈর্য হারিয়ে ফেলে। একটা সহজ সিঙ্গেল নেওয়ার মতো বলে সে মারতে যায়। এরপর ড্রেসিংরুমে ফিরে শুধু “সরি সরি” বলতে থাকে, কিন্তু এটা তো কোনো উত্তর হলো না। আমরা সাতজন ব্যাটসম্যান খেলাচ্ছি বলে হয়তো কোনো না কোনোভাবে ওর জায়গা হবে। কিন্তু ৩১টা ইনিংসের ৩০টিতেই কেউ ব্যর্থ হলে সেটা কোনো ভালো পরিসংখ্যান হলো না।’আশরাফুলের ওপর প্রত্যাশার বোঝা চাপাচ্ছেন না কোচ, ‘আমি তার কাছে কিছু আশা করছি না। দলে অবদান রাখার দিক দিয়ে সে এখন ৪-৫ নম্বরে আছে—তামিম, মুশফিকুর, সাকিব, মাহমুদউল্লাহ তার চেয়ে ভালো খেলছে। আমি চাইব এই ফর্ম তারা টেনে নিয়ে যাক, সঙ্গে আশরাফুল যা দিতে পারে দিক।’ তবে এভাবে যে খুব বেশি দিন চলবে না, আশরাফুলকে সে ইঙ্গিতটাও দিয়ে রেখেছেন কোচ, ‘দলে এখন জহুরুলের মতো তরুণ ক্রিকেটার আছে, যার আসলে ৫-৬ নম্বরেই ব্যাট করা উচিত। সিনিয়রদের বাঁচাতে তারা উইকেটে আগে যেতে পারে না। আমি তো মনে করি সিনিয়র খেলোয়াড়েরা যদি যথেষ্ট ভালো না খেলে তাদের দলেই নেওয়া উচিত না, এর চেয়ে নতুনদের আনা হোক।’ আগামীকাল থেকে চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে আরেকটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।