সিডর্ফে ফিরল খেলার আনন্দ!
একের পর এক হারে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে খেলার আনন্দটাই হারিয়ে ফেলেছিল এসি মিলান। জয়ের রাস্তায় উঠতে সবার আগে প্রয়োজন ছিল সেই আনন্দটা খুঁজে পাওয়া। মিলান তা খুঁজে পেল নতুন কোচ ক্লারেন্স সিডর্ফের অভিষেক ম্যাচেই। হেল্লাস ভেরোনার বিপক্ষে জয়টা অবশ্য ন্যূনতম ব্যবধানে, মারিও বালোতেল্লির একমাত্র পেনাল্টি গোলে।
ব্যবধান যা-ই হোক, কোচ হিসেবে সিডর্ফের শুরুটা হলো জয়ে। মিলান ফিরল জয়ের রাস্তায়। ক্যারিয়ারের ১০টি বছর মিলানে কাটিয়ে ডাচ মিডফিল্ডার ২০১২ সালে যোগ দেন বোটাফোগোতে। ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ছিল আগামী জুন পর্যন্ত। কিন্তু ১২ জানুয়ারি সাসসুয়োলোর কাছে হার (৪-৩) মেনে নিতে না পেরে কোচ অ্যালেগ্রিকে বরখাস্ত করে মিলান। ১৪ জানুয়ারি সিডর্ফ দেন আকস্মিক অবসরের ঘোষণা! আর ৩৭ বছর বয়সী ডাচকে কোচ নিয়োগের ঘোষণা দেয় মিলান।
দলের পারফরম্যান্সে সিডর্ফ খুশি, ‘মিলান খেলার আনন্দটা আবার খুঁজে পেয়েছে।’ উচ্ছ্বসিত বালোতেল্লি জয়টা উৎসর্গ করেছেন কোচ সিডর্ফকে। ৪-২-৩-১ ছকে প্রথম ম্যাচে সিডর্ফ বালোতেল্লির পেছনে খেলিয়েছেন রবিনহো, কাকা ও জাপানি ফরোয়ার্ড কেইসুকে হোন্ডাকে।
বালোতেল্লি উচ্ছ্বসিত, ‘কোচ আমাদের চারজনকে স্ট্রাইকার হিসেবে খেলতে এবং শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে বলেন। এটা দারুণ কাজ করেছে।’ ২০ ম্যাচে ষষ্ঠ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে মিলান। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ০-১ গোলে হেরেছে জেনোয়ার কাছে।
এদিকে ফ্রেঞ্চ লিলে তুলুসকে ২-০ গোলে হারিয়ে মোনাকো শীর্ষ দল পিএসজিকে চাপে ফেলেছিল। পয়েন্টের ব্যবধান নামিয়ে এনেছিল দুইয়ে। পিএসজি ঠিকই নঁতেকে ৫-০ গোলে হারিয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে। ইব্রাহিমোভিচ করেছেন জোড়া গোল। এএফপি।