সিডর্ফের প্রথম ডার্বি বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষে বালোতেল্লিকে নিশ্চয়ই ধন্যবাদ জানাচ্ছেন সিডর্ফ। নাইজেল ডি লংয়ের গোলটিতে বালোতেল্লির অবদান যে অনেক ছবি: রয়টার্স
ম্যাচ শেষে বালোতেল্লিকে নিশ্চয়ই ধন্যবাদ জানাচ্ছেন সিডর্ফ। নাইজেল ডি লংয়ের গোলটিতে বালোতেল্লির অবদান যে অনেক ছবি: রয়টার্স

সান সিরোয় এসি মিলানের কোচ হয়ে আসার পর এই প্রথম কোনো ডার্বি জিতলেন ক্লারেন্সে সিডর্ফ। চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারকে ১-০ গোলে হারিয়ে এসি মিলান নিজেদের ইউরোপা লিগ স্বপ্নকে করেছে আরও উজ্জ্বল। দ্বিতীয়ার্ধে মারিও বালোতেল্লির ফ্রি-কিক থেকে নাইজেল ডি লংয়ের অব্যর্থ লক্ষ্যভেদই শেষ অবধি জয়ের জন্য যথেষ্ট হয়েছে সিডর্ফের শিষ্যদের। এই জয়ে ‘রোজোনেরি’রা লিগের ষষ্ঠ স্থানে থাকা তুরিনোর সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে নিয়ে এল ‘এক’-এ।

খেলাটা নিয়ে আগ্রহ একটু কমই ছিল বলা যায়। নামে ডার্বি হলেও পুরো বিষয়ে ক্ল্যাসিকাল ব্যাপারটা ছিল পুরোপুরিই অনুপস্থিত। তার পরও ডার্বি বলে কথা। ইন্টারের বিপক্ষে হারা যাবে না—এমন প্রত্যয় এসি মিলান মাঠে প্রকাশ করেছে পূর্ণ মাত্রাতেই। এসি মিলান সমর্থকেরাও নিশ্চয়ই দারুণ খুশি প্রিয় দলের এই জয়ে।

জয়টা ক্লাবের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যাল্লিয়ানির সামনে হওয়ায় ব্যাপারটা আরও তৃপ্তিদায়ক ঠেকছে। এই মৌসুম শেষে নিজের চাকরির ভবিষ্যত্ নিয়ে আলোচনায় গ্যাল্লিয়ানির ভূমিকাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে গ্যাল্লিয়ানির গুডবুকে সিডর্ফ বেশ ভালো অবস্থানেই আছেন। ইন্টারের বিপক্ষে কালকের জয়টা বাদ দিলেও গত ছয় সপ্তাহে এসি মিলানের উন্নত পারফরম্যান্স নিশ্চয়ই হল্যান্ডের এই সাবেক প্লে-মেকারের পক্ষেই যাবে।

ইন্টারের বিপক্ষে জিতেই আহ্লাদিত হওয়ার অবশ্য কিছু নেই সিডর্ফের। লিগের বাকি দুটো ম্যাচ থেকে ছয় পয়েন্ট তুলে নিতে পারলেই ইউরোপা লিগে খেলাটা নিশ্চিত হবে এসি মিলানের। এই মুহূর্তে সিডর্ফের লক্ষ্য যেকোনোভাবেই হোক আটালান্টা ও সাসুয়োলোর বিপক্ষে জয়। এই ছয় পয়েন্টই যে তুরিনো ও পারমাকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান দখল করতে সবচেয়ে গুরুত্ব বহন করছে। ওয়েবসাইট।