সিডলের জন্মদিনের উপহার
২৮২ মিনিট চোয়ালবদ্ধ লড়াইয়ের পর মুহূর্তের জন্য নড়ে গেল মনোযোগ। কোনাকুনি হয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালালেন অ্যালিস্টার কুক, প্রথম স্লিপে শেন ওয়াটসনের হাতে ক্যাচ।পরের বল পূর্ণ লেন্থ, ড্রাইভ খেলতে খানিকটা দেরি কররে ফেললেন ম্যাট প্রিয়র, বোল্ড।নিখুঁত ইনসুইং ইয়র্কার পরের বল, ব্যাট নামাতে অনেক দেরি করে ফেললেন স্টুয়ার্ট ব্রড, বল লাগল পায়ের অগ্রভাগে। আঙুল তুলে দিলেন আলিম দার। রিভিউ চাওয়ার সময়ই হয়তো ব্রড জানতেন, লাভ নেই।৩৫ হাজার দর্শকের গর্জনে তখন প্রকম্পিত গ্যাবা। যুদ্ধজয়ের ভঙ্গিতে দুহাত ওপরে তুলে হুঙ্কার ছাড়ছেন পিটার সিডল, তাঁর দিকে ছুটে আসছেন সবাই। গ্যাবাকে তখন মনে হচ্ছিল যেন রোমান কলোসিয়াম, আর হ্যাটট্রিকের নায়ক সিডলকে ‘গ্ল্যাডিয়েটর।’গ্ল্যাডিয়েটরই তো! যে অবস্থা থেকে এসে অ্যাশেজের প্রথম দিনের নায়ক হলেন সিডল, এটিকে যুদ্ধজয়ের চেয়েও বেশি বলতে হয়। পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ১০ মাস। টেস্ট শুরুর আগের দিন ঘোষিত একাদশে ডগ বলিঞ্জারের জায়গায় সেই সিডলকে রাখায় অস্ট্রেলিয়াজুড়ে উঠেছিল সমালোচনায় ঝড়। হ্যাটট্রিকসহ ৬ উইকেট, ক্যারিয়ার-সেরা বোলিংয়ে সব সমালোচনা এক ফুৎকারে উড়িয়ে দিলেন সিডল। সেটাও কোন দিনে? নিজের ২৬তম জন্মদিনে!হ্যাটট্রিকের আগে ইংলিশ মিডল-অর্ডারেও তোপ দেগেছেন সিডল, আউট করেছেন ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া পিটারসেন ও বড় ভরসা কলিংউডকে। এই ভিক্টোরিয়ানের সৌজন্যেই অ্যাশেজের প্রথম দিনটি হয়েছে অস্ট্রেলিয়ার। ব্যাটিং উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের ২৬০ রানে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে। গত অস্ট্রেলিয়া সফরে স্টিভ হার্মিসনের সেই বিখ্যাত প্রথম বলের পর এবার প্রথম বলের দিকে চোখ ছিল সবার। এবার তেমন কিছু হয়নি, তবে ভুতুড়ে সূচনা থেকে বের হতে পারেনি ইংলিশরা। ইনিংসের তৃতীয় বলেই আউট অধিনায়ক স্ট্রাউস। দ্বিতীয় উইকেটে কুকের সঙ্গে ৪১ রানের ছোট্ট জুটির পর ওয়াটসনের প্রথম ওভারেই বোল্ড জোনাথন ট্রট। ২৬ রানে ডোহার্টির হাতে জীবন পাওয়া কুক পড়ে ছিলেন এক পাশে। আর পাল্টা আক্রমণ শুরু করেছিলেন পিটারসেন। কিন্তু সিডলের জোড়া আঘাতে আবার ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। প্রথম দুই সেশনেই লড়াই হয়েছে সমানতালে, দুটি করে উইকেট হারিয়ে দুই সেশনেই ইংল্যান্ড তুলেছে ৮৬ করে।শেষ সেশনে সব উল্টে দিলেন সিডল, হ্যাটট্রিকের পর আউট করেছেন গ্রায়েম সোয়ানকেও। পথের কাঁটা হয়ে থাকা ইয়ান বেল ও অ্যান্ডারসনকে এক ওভারে আউট করে ইংল্যান্ডের লেজ মুড়ে দেন অভিষিক্ত জেভিয়ার ডোহার্টি। যুদ্ধজয়ী গ্ল্যাডিয়েটরের মতোই গর্বিত ভঙ্গিতে মাঠ ছাড়লেন সিডল। দিন শেষে বললেন, এমন জন্মদিন আর আসেনি জীবনে, ‘আমার বন্ধুবান্ধব, পরিবার এত দিন আমাকে যেসব উপহার দিয়ে আসছে, সেসবকে আমি ছোট করতে চাই না। তবে নিশ্চিতভাবেই জন্মদিনের এমন উপহার কখনো আর পাইনি। অসাধারণ এক অনুভূতি!’ তথ্যসূত্র: ওয়েবসাইট।