নতুন বছরে নতুন করে শুরুর প্রত্যয় ছিল তাঁর কণ্ঠে। কিন্তু এশিয়ান টুরে কাল পর্যন্ত চারটি টুর্নামেন্ট খেলে ফেললেও ভালো কিছু করতে পারেননি সিদ্দিকুর রহমান। কাল ভারতের অবন্তা মাস্টার্সে যৌথভাবে ৪৮তম হয়েছেন। আগের দুই রাউন্ডে চমৎকার খেলেও কাল শেষ পর্যন্ত পারলেন না। শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ১০ শট কম খেলে শিরোপা জয়ের মঞ্চটা আগেই সাজিয়ে রেখেছিলেন টমাস অ্যাইকেন। কাল পারের চেয়ে পাঁচ শট কম খেলে ২৩ লাখ ডলারের এশিয়ান ও ইউরোপিয়ান টুরের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার এই গলফার।দিল্লিতে গত সপ্তাহে এর আগের টুর্নামেন্টে শিরোপার কাছাকাছি চলে গিয়েছিলেন সিদ্দিকুর। প্রথম তিন দিনের ধারাবাহিকতা শেষ দিনে এসে ধরে রাখতে পারেননি। পারের চেয়ে এক শট বেশি খেলে তৃতীয় হয়েছেন। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ওপেন চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পেরোতে পারেননি সিদ্দিকুর। ব্যাংককে বাছাইপর্বের প্রথম দিনে সবার ওপরে থেকেও শেষ পর্যন্ত হয়েছেন নবম। এর আগে মিয়ানমারে এশিয়ান টুরের প্রথম টুর্নামেন্টে হয়েছেন ৩৯তম।