বছর দুয়েক আগে দিল্লি কোর্সেই সিদ্দিকুর রহমান জিতেছিলেন এশিয়ান ট্যুরে নিজের দ্বিতীয় শিরোপা। সেই দিল্লিই আবার বাংলাদেশের সেরা গলফারকে দিচ্ছে শিরোপার হাতছানি। কাল দিল্লিতে অনুষ্ঠানরত প্যানাসনিক ওপেনের তৃতীয় রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলে উঠে এসেছেন দুইয়ে। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দশ শট কম খেলেছেন। পারের চেয়ে ১১ শট কম খেলে তাঁর ওপরে আছেন ভারতীয় গলফার চিরাগ কুমার।
প্রথম দুই রাউন্ডের ধারাবাহিকতায় কালও চমৎকার খেলেছেন সিদ্দিকুর। কোনো বগি নেই, বার্ডি করেছেন চারটি। সিদ্দিকুরের মতোই ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলে ভারতীয় গলফার এস চিক্কার সঙ্গে যুগ্মভাবে তিনি তিনে। জামাল কাল পারের চেয়ে খেলেছেন দুই শট কম। পাঁচটি বার্ডির পাশে, একটি বগি ও একটি ডাবল বগি করেছেন।
দিন শেষে নিজের পারফরম্যান্সে খুশি সিদ্দিকুর কাল এশিয়ান ট্যুর ওয়েবসাইটকে বলেছেন, ‘এটি আমার অন্যতম ফেবারিট কোর্স। এখানে খেলাটা খুব উপভোগ করছি। আমি আজ ১৮ নম্বর হোলে চমৎকার বার্ডি করেছি। এসব ক্ষেত্রে বলটা সঠিকভাবে ফেলাটাই খুব গুরুত্বপূর্ণ। ভালো স্কোর করার আসল রহস্য এটাই।’
সিদ্দিকুর এখন অখণ্ড মনোযোগ নিয়ে অপেক্ষা করছেন শেষ রাউন্ডের জন্য, ‘আমি এখন অন্য কিছু নিয়ে ভাবছি না। শুধু ফাইনাল রাউন্ডেই নজর দেওয়া দরকার আমার। দেড় বছর ধরে আমি পিঠের ব্যথায় ভুগছি। এখনো চিকিৎসা নিচ্ছি। তাই এখানে যেভাবে খেলে যাচ্ছি তাতে আমি খুশি।’