সিদ্দিকুর নেই বাংলাদেশও নেই
স্বপ্ন ছিল দেশকে বিশ্বকাপে নিয়ে যাবেন। কিন্তু বাবার অসুস্থতায় গলফার সিদ্দিকুরের সেই স্বপ্ন পূরণ হলো না। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মালয়েশিয়ার বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে হার্ট অ্যাটাক হয় তাঁর বাবার। জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা বাবার কাছে থাকার জন্য তখনই ফোন করে নিজের নাম প্রত্যাহার করে নেন। সিদ্দিকুরের (র্যাঙ্কিং) কারণে বিশ্বকাপ বাছাইতে সুযোগ পাওয়া বাংলাদেশের তাই বাছাইপর্বে অংশ নেওয়া হয়নি। গত পরশু মালয়েশিয়ায় বাছাইপর্বের খেলা শুরু হয়ে গেছে।বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে অংশ নিতে না পারার আক্ষেপ আছে। তবে সিদ্দিকুরের কাছে সবার আগে বাবা। তাঁর সামনেই হার্ট অ্যাটাক হয়েছিল। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। এশিয়ান অর্ডার অব মেরিটের দুইয়ে থাকা এই গলফার গতকাল বললেন, ‘যেদিন মালয়েশিয়ায় যাব, সেদিন দুপুরে আমার সামনেই তাঁর হার্ট অ্যাটাক হয়। অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। যেকোনো কিছু ঘটতে পারত। তাই ফোন করে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করি।’তবে সুখবর হচ্ছে, সিদ্দিকুরের বাবা এখন অনেকটাই সুস্থ। ভয়টা কেটে গেছে।