সিদ্দিকুর শেষ পর্যন্ত সপ্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানে মারকারিস মাস্টার্সে দুর্দান্ত শুরু করে নিজের এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপা জয়ের আশাই হয়তো জাগিয়ে তুলেছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ভালো করতে পারলেন না। কাল শেষ রাউন্ডেও খারাপ হলো, পারের চেয়ে বেশি খেললেন এক শট। শেষ পর্যন্ত সাড়ে ছয় লাখ ডলার প্রাইজমানির টুর্নামেন্টে পাঁচজনের সঙ্গে যৌথভাবে সপ্তম হয়ে সিদ্দিকুর জিতেছেন ১৪ হাজার ৩০০ ডলার। পারের চেয়ে ৩ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার ড্যানি চিয়া।
এই টুর্নামেন্টের পর ৮-১১ অক্টোবর চীনা তাইপেতেই সিদ্দিকুর খেলবেন ইয়েংদার প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে। এরপর তাঁর খেলার কথা ম্যাকাও, হংকং, চীন ও ভারতে।
এ বছর মোট ১০টি টুর্নামেন্টে অংশ নিয়ে ৬টিতেই কাট মিস করেছেন সিদ্দিকুর। বছরের সেরা সাফল্য ছিল গত জুনের থাইল্যান্ডের কুইন্স কাপে, হয়েছিলেন তৃতীয়। এ বছরে পরের টুর্নামেন্টগুলোর মধ্যে অন্তত একটিতে চ্যাম্পিয়ন হতে না পারলে ‘উইনার ক্যাটাগরি’র তালিকায় আর থাকতে পারবেন না। ‘উইনার ক্যাটাগরি’র তালিকায় থাকতে হলে যেকোনো গলফারকে চ্যাম্পিয়ন হওয়ার পরের দুই বছরের মধ্যে অন্তত একটি টুর্নামেন্ট জিততেই হয়। সিদ্দিকুর সর্বশেষ শিরোপা দিল্লির হিরো ইন্ডিয়ান ওপেনে, ২০১৩ সালের নভেম্বরে। কঠিন একটা সময়ই তাহলে অপেক্ষা করছে দেশসেরা গলফারের সামনে।