সিদ্দিকুরই ফেবারিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সটা তাঁর খুবই চেনা। এর আগে পাঁচবার খেলে গেছেন কুর্মিটোলায়। এখানে খেলতে এলেই নেপালের শিবরাম শ্রেষ্ঠর মনে হয় হিমালয়া গলফ কোর্স, রয়্যাল নেপাল গলফ ক্লাবে খেলছেন! আবারও ঢাকায় এসেছেন বিটিআই আন্তর্জাতিক পেশাদার গলফে খেলতে। আয়োজক বাংলাদেশ পেশাদার গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ)।শুধু শিবরামই নন, শ্রীলঙ্কার মিথুন পেরেরা, ভারতের রাজু আলী, নবীন মণ্ডলদের মতো এশিয়ান সার্কিটের গলফাররাও যোগ দিচ্ছেন আজ শুরু গলফ চ্যাম্পিয়নশিপে। তবে টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই খেলতে নামবেন এশিয়ান র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। চার দিনের এই প্রতিযোগিতায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ৭০ জন গলফার অংশ নিচ্ছেন। সিদ্দিক ছাড়াও এসএ গেমসে সোনাজয়ী সাখাওয়াত হোসেন, জামাল হোসেনও খেলবেন টুর্নামেন্টে।শ্রীলঙ্কার মিথুন পেরেরা দ্বিতীয়বারের মতো এসেছেন ঢাকায়। তাঁর মুখেও কুর্মিটোলা গলফ কোর্সের মুগ্ধতা, ‘এখানে আবারও খেলতে এসে খুবই ভালো লাগছে। কুর্মিটোলা গলফ কোর্সটা খুবই চমৎকার।’ শ্রীলঙ্কার গলফ নিয়ে আশাবাদী এশিয়ান সার্কিটের ২২তম গলফার, ‘বাংলাদেশের মতোই শ্রীলঙ্কার গলফ ধীরে ধীরে উন্নতি করছে।’ প্রতিযোগিতাটি শীত মৌসুমে আয়োজনের কথা থাকলেও সিদ্দিকুরের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এই গ্রীষ্মে করছেন আয়োজকেরা। সিদ্দিকুর এটিকে দেখছেন আগামী মাসে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় ইউএস ওপেনে খেলার যোগ্যতা অর্জনের প্রাক-প্রস্তুতি হিসেবে, ‘আমার জন্য এটা একটা রুটিন টুর্নামেন্ট। তবে আমি যেহেতু যুক্তরাজ্যে ইউএস ওপেনের কোয়ালিফাই খেলব, তাই এটা এখন বেশ গুরুত্বপূর্ণ।’ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি বিটিআই। প্রাইজমানি ১৫ লাখ টাকা। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান, বিপিজিএর সভাপতি আরশী হায়দার। উপস্থিত ছিলেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খানসহ অন্যরাও।