সিদ্দিকুরও জানেন না উত্তর

* ৮ ফেব্রুয়ারি, ২০১৫। ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে শেষ মুহূর্তের গোলে হেরে রানার্সআপ বাংলাদেশ।
* ২৩ মার্চ, ২০১৬। বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ ৩ বলে ২ রান নিতে পারেনি বাংলাদেশ। উল্টো ৩ উইকেট হারিয়ে ভারতের কাছে হার ১ রানে! মুশফিক-মাহমুদউল্লাহরা সেদিন ‘চোক’ করলেন!
* ১৫ মে, ২০১৬। মরিশাস ফোর সিজনস গলফ কোর্সে তীরে এসে তরি ডোবালেন সিদ্দিকুর রহমান। আফ্রো-এশিয়া ব্যাংক ওপেনে বাংলাদেশের হৃদয় ভাঙলেন। শেষ তিন হোল বাকি থাকতে যেখানে ৩ শটে এগিয়ে শিরোপার স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের গলফার, কিন্তু শেষ পর্যন্ত হারলেন ১ শটের ব্যবধানে!
উদ্যাপনের আনন্দ শেষ পর্যন্ত বিষাদে ডুবে যেতে দেখছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তারপরও হতাশার মধ্যে আশার আলো খুঁজে দেখতে হয়। সিদ্দিকুরও এই হতাশার মধ্যে একটা আলোর রেখা খুঁজে পাচ্ছেন। সেই ২০১৩ সালের পর কোনো এশিয়ান ট্যুরের ট্রফি জিততে পারেননি। পিঠের ব্যথাটা বিষম ভোগাচ্ছে। মরিশাসে টুর্নামেন্ট শেষ করেই তাই সোজা যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন। মায়ামিতে চিকিৎসক দেখিয়ে তবেই দেশে ফিরবেন।
ফিটনেসের সঙ্গে নিরন্তর লড়াই চলছে, লড়ছেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যও। না হলে এ পর্যন্ত অন্তত ১০টি এশিয়ান ট্যুরের ট্রফি জমতে পারত সিদ্দিকুরের শোকেসে। চাপের কাছে ভেঙে পড়েই ক্যারিয়ারে আটবার দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন। মনোবিদের শরণ নিয়েছেন, যোগব্যায়াম করছেন। তারপরও গলফ কোর্সে নেমে শেষ দিকে যেন ‘চোক’ করছেন। কেন শেষ মুহূর্তে বারবার এমন হচ্ছে? উত্তর জানা নেই সিদ্দিকুরেরও। এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারেও এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে সিদ্দিকুরকে, ‘১৫তম হোলের আগ পর্যন্ত খুব ভালোই চলছিল সব। কিন্তু নিজেও জানি না এরপর কী থেকে কী হয়ে গেল! জানি না কোথায় ভুলটা হচ্ছে! স্বপ্নেও ভাবিনি ট্রফিটা হাতছাড়া হবে।’ ভাগ্যও একটা ব্যাপার, ‘১৬তম হোলের প্রথম শটেই ওবি (ওভার বাউন্ডারি) মেরেছিলাম। আসলে ভাগ্যটাই খারাপ। কিন্তু আমি সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি।’
ভুতুড়ে ওই ১৬তম হোলের খেলায় নিজেও অবাক সিদ্দিকুর, ‘আমি দিব্যি দেখতে পাচ্ছিলাম যে বলটা গর্তে পড়ছে। ওটা ইগলও হতে পারত। আসলে দিনটা আমার ছিল না।’ দিন শেষে সিদ্দিকুর বাস্তবতা মেনে নিয়েছেন, ‘এটা খেলারই অংশ।’
এই বছর সব মিলিয়ে ৯টি এশিয়ান ট্যুরে অংশ নিয়েছেন। পরশু ট্রফিটা মুঠো গলেই বেরিয়ে গেছে। তবে বছরের সেরা সাফল্য পেয়েছেন বলে মোটাদাগে খুশিই সিদ্দিকুর, ‘এই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্তও ভাবিনি যে এখানে দ্বিতীয় হতে পারব। এখানে আসার আগেও নিজের সঙ্গে লড়ছিলাম। রানারআপ হয়েও তাই খুশি।’
এখান থেকে শিক্ষা নিয়ে এবার সামনে তাকাচ্ছেন বাংলাদেশের সেরা গলফার, ‘এই টুর্নামেন্টটা একটা ভালো অভিজ্ঞতা হয়ে থাকবে আমার কাছে। প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্যুরে লিডারবোর্ডে শেষ দুই দিনে ওপরে ছিলাম। আমি এতটা আশাই করিনি।’ এখন আশা বড় হয়েছে, স্বপ্ন দেখছেন রিও অলিম্পিকের, ‘যেভাবে খেলাটা শেষ করেছি তাতে খুব খুশি। বিশ্ব র্যাঙ্কিংয়ে আরও ওপরে উঠতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে এই ফল। অলিম্পিকের দৌড়ে টিকে থাকার ব্যাপারেও আমি আশাবাদী।’