সিদ্দিকুরকে খেলতে দিল না চোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে অনেক দিন খেলার বাইরে ছিলেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশের গলফার প্রতিযোগিতামূলক গলফে ফিরেছিলেন ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স দিয়ে। সুইজারল্যান্ডে পরশু শুরু হওয়া টুর্নামেন্টটা অবশ্য শেষ করতে পারলেন না ওই চোটের কারণেই। পিঠের ব্যথায় প্রথম রাউন্ড খেলেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন দেশসেরা গলফার।
কাল নিজের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, ‘পিঠের ব্যথার জন্য ওমেগা মাস্টার্সে খেলতে পারছি না। চেয়েছিলাম খেলা চালিয়ে যেতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমি আপাতত চিকিৎসকের পরামর্শমতো চলছি।’
প্রথম দিনে অবশ্য ভালোও করতে পারেননি সিদ্দিকুর। পারের চেয়ে বেশি খেলেছিলেন ৫ শট।