সিদ্দিকুরকে ছাপিয়ে শাখাওয়াত-মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকুর রহমান নামের মহিরুহের ছায়াতেই তাঁরা ঢাকা পড়ে থাকেন। সিদ্দিকুর যখন এশিয়ান ট্যুরে দাবড়ে বেড়ান, তাঁরা দু-একটি টুর্নামেন্টে সুযোগ পেলেই বর্তে যান। কিন্তু টুর্নামেন্টটা যখন বসুন্ধরা বাংলাদেশ ওপেন, তখন গল্পটা একটু ভিন্ন।
গতবার প্রথম আসরে সিদ্দিকুরের ওপরে থেকেই বাংলাদেশ ওপেন শেষ করেছিলেন শাখাওয়াত সোহেল ও শৌখিন গলফার দিল মোহাম্মদ। এবারও ও রকম কিছু হওয়ারই আভাস। দ্বিতীয় রাউন্ড শেষে লিডারবোর্ডে বাংলাদেশের তিনজন গলফার সিদ্দিকুরের ওপরে রয়েছেন।
প্রথম রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলা সিদ্দিকুর কাল খেলেছেন পারের সমান ৭১ শট। ১৩ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন তিনি। কাল বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো করেছেন শাখাওয়াত। বগিহীন রাউন্ডে শাখাওয়াত কাল বার্ডি করেছেন ৫টি, আগের দিনের ৩৬তম স্থান থেকে এক লাফে উঠে এসেছেন দশে। সেখানে তাঁর সঙ্গী বাংলাদেশেরই প্রায় অপরিচিত এক গলফার আবদুল মতিন। প্রথম দিনের মতো কালও পারের চেয়ে ৩ শট কম খেলে মতিন, এগিয়েছেন চার ধাপ। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলে জামাল হোসেন আছেন ১৬ নম্বরে।
বাংলাদেশের ৩১ গলফারের মধ্যে সোহেল, মতিন, জামাল ও সিদ্দিকুর ছাড়াও কাট পেয়েছেন শুধু মোহাম্মদ সাইয়ুম (-২), বাদ পড়েছেন অন্যরা।
টুর্নামেন্টে বাংলাদেশের শীর্ষ গলফার শাখাওয়াত প্রথম দিনটা শুরু করেছিলেন টানা তিনটি বগি করে। সেই শাখাওয়াতই কাল অন্যরূপে, পাঁচটি বার্ডি করেছেন, অল্পের জন্য হাতছাড়া আরও কয়েকটি। তবে তাতে তেমন আফসোস নেই তাঁর, ‘৬-৭ ফুটি বেশ কয়েকটা পাট মিস করেছি। ওগুলো হয়ে গেলে স্কোরটা পারের চেয়ে ১০ শট কম হতে পারত। যা হোক, রাউন্ডটা ভালো কেটেছে, আমি খুব খুশি।’
৩ লাখ মার্কিন ডলারের টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড শেষে সবার ওপরে থিটিফুন চুয়াইপ্রাকং। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে তিন থেকে শীর্ষে উঠেছেন এই থাই গলফার। আগের দিন যৌথভাবে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার সুমিন লি (-৯) নেমে গেছেন দুইয়ে। সাত ধাপ পিছিয়েছেন প্রথম দিনের চমক জাপানের শুনিয়া তাকেয়াসু (-৭)।