সিদ্দিকুরকে টপকে জামাল
টুর্নামেন্টের ফেবারিট হিসেবে খেলতে নেমেছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু তাঁকে হারিয়ে অপ্রত্যাশিতভাবে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন জিতে নিলেন বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন মোল্লা। পেশাদার গলফে এটাই জামালের প্রথম শিরোপা। সিদ্দিকুর হয়েছেন দ্বিতীয়।কুর্মিটোলা গলফ কোর্সে কাল চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেন জামাল। তবে সব মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আর শেষ দিকে ঘুরে দাঁড়ানো সিদ্দিকুর রানারআপ হয়েছেন শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে। চার রাউন্ড মিলিয়ে তিনি খেলেছেন আট শট কম। দিনের সেরা ৬৭ স্কোর করেও তৃতীয় হয়েছেন মুকেশ কুমার। তবে চার রাউন্ড মিলিয়ে সাত শট কম খেলেন এই ভারতীয়।কাল খেলা শেষে চ্যাম্পিয়ন জামাল হোসেনের হাতে ট্রফি ও পুরস্কারের চেক তুলে দেন ফেডারেশন সভাপতি জেনারেল আব্দুল মুবীন। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের কর্মকর্তা কাজী মাহমুদ সাত্তার প্রমুখ।