সিদ্দিকুরের আরেকটি আক্ষেপের গল্প

বলতে গেলে হাত বাড়ালেই ভারত মহাসাগরের নীল জল। মরিশাসের আনাহিতা ফোর সিজনস গলফ কোর্সের পাশের সাগরে যেন সলিলসমাধি হলো সিদ্দিকুর রহমানের তৃতীয় এশিয়ান ট্যুর শিরোপা-স্বপ্ন।
আফ্রো-এশিয়া ব্যাংক ওপেনে আগের তিন রাউন্ডে আধিপত্য দেখিয়েও শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে সিদ্দিকুরের মুঠো ফসকে বেরিয়ে গেল শিরোপা। আবারও শেষ দিনে খেই হারালেন। গত বছরের নয়াদিল্লির হিরো ইন্ডিয়ান ওপেনই যেন ফিরে এল মরিশাসে! অল্পের জন্য হেরে গেলেন কোরিয়ান গলফার জিউংহুন ওয়ানের কাছে, হলো না ইতিহাস গড়া।
কাল শেষ রাউন্ডে সিদ্দিকুর জিততে জিততে হেরে গেলেন পারের চেয়ে দুই শট বেশি খেলে। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলে হয়েছেন রানারআপ। সেই সুবাদে জিতে নিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৬৫ ডলার।
দিল্লিতে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ হোলে স্বাভাবিক খেলাটা খেললেই চলত, কিন্তু সেবার অবিশ্বাস্যভাবে জঙ্গলের মধ্যে বল পাঠিয়েছিলেন! কালও ১৬তম হোলে এসে যতটা বাজে খেলা যায়, ততটাই খেলেছেন। স্নায়ুচাপ সামলাতে পারেননি। টেলিভিশনের ক্লোজআপ শটে যতবার সিদ্দিকুরের চেহারা ভেসে উঠেছে, বারবার দেখা গেছে চিন্তার ছাপ। স্ট্রোক মেরেই দাঁত কামড়ে বলছিলেন, ‘বি দেয়ার, বি দেয়ার!’ অথচ আগের দিন বলেছিলেন, নির্ভার হয়ে খেলাটা উপভোগ করবেন। কিন্তু শেষ দিকে সেই চাপের কাছেই আত্মসমর্পণ। ১৬তম হোলে করলেন ডাবল বগি। সর্বনাশের শুরুটা তখন থেকেই। অথচ ১৫তম হোল পর্যন্ত শীর্ষে ছিলেন সিদ্দিকুর। তিন হোল বাকি থাকতে জিউংহুনের চেয়ে এগিয়ে ছিলেন তিন শটে। ১৭তম হোলে আরেকটি বগি, ৩ শটের লিড নিমেষেই উধাও।
শেষ হোলে সমান স্কোর নিয়ে শুরু করেন সিদ্দিকুর ও জিউংহুন। শট নেওয়ার আগে কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন থাকেন সিদ্দিকুর। কিন্তু শেষ হোলে পারের সমান খেললেন সিদ্দিকুর, ওয়াং পেলেন বার্ডি। অবশ্য দুর্ভাগ্যই বলতে হবে সিদ্দিকুরের, এই হোলের তৃতীয় শটে বল গর্তে পড়েও বেশি গতি থাকায় শেষমেশ উঠে চলে যায় বাইরে।
চেনা ছন্দে নেই অনেক দিন। তবে আশার কথা, এ বছর এ পর্যন্ত ৯টি এশিয়ান ট্যুরে অংশ নিয়ে এই প্রথম সর্বোচ্চ সাফল্য পেলেন সিদ্দিকুর। এ বছর এর আগে সবচেয়ে ভালো ফল করেছিলেন ঢাকায় বসুন্ধরা ওপেনে, হয়েছিলেন ৩৫তম। যদিও গত এপ্রিলে ঢাকায় জিতেছিলেন পিজিটিআই টুর্নামেন্ট।
স্বামীর শিরোপা জয়ের উদ্যাপনে সঙ্গী হতে কাল দুপুরে মরিশাসে উড়ে গিয়েছিলেন সামাউন আঞ্জুম অরনি। কিন্তু দুপুরের পর কোর্সে গিয়ে দুঃখটাই ভাগাভাগি করেছেন স্ত্রী। মরিশাস থেকেই সিদ্দিকুর যুক্তরাষ্ট্রে যাবেন পিঠের ব্যথার চিকিৎসা করাতে।
এই টুর্নামেন্টে রানারআপ হওয়ায় প্রথম বাংলাদেশি গলফার হিসেবে অলিম্পিকে খেলার স্বপ্নটাও বেড়েছে। তবে আপাতত আগামী ১১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্দিকুরকে, ওই পর্যন্ত নিজেকে গলফ বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৬০-এর মধ্যে রাখতে পারলেই খেলতে পারবেন অলিম্পিকে।