সিদ্দিকুরের ইউরোপ-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের গতিতে ছুটতে থাকা ট্রেনের জানালা দিয়ে উঁকি দেয় আলপস পর্বতমালা। উঁচু পাহাড়ের চূড়ায় জমে আছে বরফের চাঁই, পাহাড়ের পায়ের কাছে লেক, তার মধ্যে চোখজুড়ানো এক গলফ কোর্স। গলফ কোর্সের এখানে-এখানে জমে আছে তুষার। এমন দৃশ্য তো স্বপ্নে দেখেছেন! তাহলে কি স্বপ্নের জগতে এসে পড়লেন সিদ্দিকুর রহমান? হ্যাঁ, নিজের ‘স্বপ্নের জগৎ’ই ঘুরে এলেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর। ঘুরে এলেন ইউরোপ, সুইজারল্যান্ড। নিজের প্রথম ইউরোপ সফরে, সুইস ওমেগা ওপেনে বলার মতো পারফরম্যান্স করতে পারেননি সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েছেন সেরা পঞ্চাশে থাকতে না পেরে। কিন্তু এই ফলকে ব্যর্থতা বলে মানছেন না বাংলাদেশের সেরা গলফার। আসলে সাফল্য-ব্যর্থতা নিয়ে ভাবারই সময় পাচ্ছেন না।২৪ ঘণ্টারও কম সময়ের জন্য দেশে এসেছিলেন পরশু রাতে। গতকাল রাতেই রওনা হয়েছেন সিঙ্গাপুরে। সেখানে একটা টুর্নামেন্ট খেলে যাবেন জাপানে। এর মধ্যে দেশে যেটুকু সময় কাটাতে পারলেন, তা কাটল ছোটাছুটি আর ইউরোপ সফরের স্মৃতি রোমন্থনে। ইউরোপের প্রতি সিদ্দিকুরের এই মোহ চাকচিক্যের জন্য নয়, স্রেফ গলফের জন্য, ‘যখনই প্রতিযোগিতামূলক গলফ খেলা শুরু করেছি, তখন থেকেই ইউরোপ স্বপ্নের মতো জায়গা। সব সময় ইচ্ছে ছিল, একদিন ইউরোপিয়ান কোনো কোর্সে গলফ খেলব।’স্বপ্নের সঙ্গে কি মিলে গেল সুইজারল্যান্ডের ক্রান্স-সুর-সিয়েরে গলফ কোর্স? ‘স্বপ্নের চেয়েও বেশি মনে হলো। ছবিতে দেখেছি, এমন পর্বতের পায়ের কাছে গলফ কোর্স। টিভিতে দেখেছি, কোর্সের মাঝে তুষার জমে আছে’—ফোনের এপাশ থেকেই সিদ্দিকুরের কণ্ঠের উচ্ছ্বাস বোঝা যায়।উচ্ছ্বাস নানা কারণে। সবচেয়ে বড় কারণটা, এক কিংবদন্তির সাক্ষাৎ পাওয়া। না, এখনো স্বপ্নের খেলোয়াড় টাইগার উডসের সাক্ষাৎ পাননি। তবে যাঁর সঙ্গে দেখা হলো, কথা হলো, তিনিও কম নন—গলফ গ্রেট গ্রেগরি নরম্যান।আশি ও নব্বইয়ের দশকে ৩৩১ সপ্তাহ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেরা ছিলেন নরম্যান। ৮৮টি পেশাদার শিরোপা জেতা এই গ্রেটের গল্প অনেক শুনেছেন সিদ্দিকুর। কিন্তু এখনো শখের বশে খেলা চালিয়ে যাওয়া নরম্যানের সঙ্গে সুইজারল্যান্ডেই দেখা হয়ে যাবে, এটা কল্পনা করেননি, ‘ওনার গল্প আমরা সেই ছোটবেলা থেকে শুনছি। জানতাম না যে ওমেগাতে খেলছেন। গিয়ে ওনার কথা শুনে তো আমি অবাক।’শুধু কি এই? এরপর নরম্যানের সঙ্গে গলফ নিয়ে, বাংলাদেশ নিয়ে গল্প করার সুযোগও মিলে গেল! মিলে গেল এবারের ওমেগা ওপেন জেতা আরেক গ্রেট স্পেনের মিগুয়েল অ্যাঞ্জেল জিমিনেজের সঙ্গে কথা বলার সুযোগও। তবে এসবের চেয়ে সিদ্দিকুরকে বিস্মিত করেছেন জীব মিলখা সিং।ভারতের অন্যতম সেরা এই গলফারকে এর আগেও দু-একবার দেখেছেন সিদ্দিকুর। কিন্তু ‘হাই-হ্যালো’র বেশি কথা হয়নি। এবার সিদ্দিকুরকে চমকে দিয়ে এগিয়ে এলেন জীব, ‘অভিনন্দন’! সিদ্দিকুর এখনো বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না, ‘আরও কয়েকজন ভারতীয় অভিনন্দন জানিয়েছে। কিন্তু জীবের মতো খেলোয়াড় আমার খোঁজ রাখে, আমার কথা মনে রেখে অভিনন্দন জানায়, এটা বিশ্বাস করা কঠিন।’শুধু বলার মতো গল্প নয়, ইউরোপ থেকে সিদ্দিকুর সঙ্গে নিয়ে ফিরেছেন আত্মবিশ্বাসও, ‘এই কোর্সটা প্রায় সাড়ে চার হাজার ফুট উঁচুতে। এত উঁচুতে এর আগে খেলিনি। এখানে এশিয়ান কোর্সের হিসাবনিকাশ খাটে না। এই কোর্সে খেলে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে।’ আরও একটু ব্যাখ্যা করলেন সিদ্দিকুর, ‘ব্রুনাই ওপেনে আমি যে স্কোর করে শিরোপা জিতেছি, এখানে তার চেয়ে ভালো খেলেছি। তার পরও দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছি। এখানকার প্রতিযোগিতার মানটা ভেবে দেখুন।’এই আত্মবিশ্বাসের প্রয়োগটা কোথায় দেখা যাবে? মৃদু হাসেন সিদ্দিকুর, ‘ভাগ্যে কী আছে, কে জানে। তবে এই যে সিঙ্গাপুর যাচ্ছি, বুঝতে পারছি খেলাটা অনেক সোজা হবে। ইউরোপিয়ান সার্কিটে নিয়মিত খেললে, অন্তত এশিয়ান সার্কিটে ফলটা দেখতে পাবেন।’