সিদ্দিকুরের ওয়েবসাইট

বিশ্বে বাংলাদেশের পেশাদার গলফের সবচেয়ে বড় বিজ্ঞাপন সিদ্দিকুর রহমান। দেশের সেরা গলফার সম্পর্কে বিস্তারিত জানতে এত দিন বিভিন্ন ওয়েবসাইটে ক্লিক করতে হয়েছে সিদ্দিকুর ভক্তদের। তাঁদের জন্য এবার সুখবর, নিজের নামে একটা ওয়েবসাইট খুলেছেন সিদ্দিকুর। ‘সবাইকে আমার ভুবনে স্বাগত।’ সিদ্দিকুরের ওয়েবসাইটে ঢুকলেই চোখে পড়বে লেখাটা। www.siddikurrahman.com এই ওয়েবসাইটে রয়েছে সিদ্দিকুর রহমানের ক্যারিয়ারের হাইলাইটস, টুর্নামেন্টের সূচি, ব্লগ, খেলোয়াড়ি ও পারিবারিক জীবনের দুর্লভ কিছু ছবি, ভিডিও, বিভিন্ন সময়ে গণমাধ্যমে দেওয়া নানা রকমের খবর ও সাক্ষাৎকার। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভক্তরা চাইলে অনুসরণ করতে পারবেন সিদ্দিকুরকে। দুটি এশিয়ান ট্যুরজয়ী সিদ্দিকুর ওয়েবসাইট খুলতে পেরে ভীষণ উচ্ছ্বসিত, ‘এমন একটি ওয়েবসাইট খুলতে পেরে খুব আনন্দিত। সব ভক্তকে বলব, এই ওয়েবসাইটে ঢুকলেই আমার টুর্নামেন্ট-সংশ্লিষ্ট খবর, সূচি ও অন্যান্য তথ্য পেয়ে যাবেন। এই ডিজিটাল যুগে ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ।’