সিদ্দিকুরের বছরে হকির উল্টোযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিরো ইন্ডিয়ান ওপেনজয়ী গলফার সিদ্দিকুর রহমান। সারা বছরের ব্যর্থতা মুছে দিয়েছে তাঁর এই সাফল্য। ফাইল ছবি
হিরো ইন্ডিয়ান ওপেনজয়ী গলফার সিদ্দিকুর রহমান। সারা বছরের ব্যর্থতা মুছে দিয়েছে তাঁর এই সাফল্য। ফাইল ছবি

নামের পাশে বাংলাদেশের পতাকা দেখতে ভালোবাসেন তিনি। সেই লাল-সবুজ উড়িয়েছেন এবার বিশ্বকাপে। গলফের বিশ্বকাপে খেলা প্রথম বাংলাদেশি সিদ্দিকুর রহমান। বছরের শুরুটা যেমনই হোক, শেষ দিকে পেয়েছেন অসাধারণ সাফল্য। নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই ক্যারিয়ারের দ্বিতীয় পেশাদার শিরোপা জিতেছেন দিল্লিতে।

ফুটবল-ক্রিকেটের বাইরে আলোচনায় সবার ওপরেই ছিল সিদ্দিকুরের নাম। গলফে এই সাফল্যের আগে বারবার নেতিবাচক শিরোনামে এসেছে হকি। বছর ঘুরতে না-ঘুরতেই সাফল্যের ছবিগুলো উধাও! অথচ বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে জিমিদের চীন-বধ, তৃতীয় হয়ে দেশে ফেরাটা আশা জাগিয়েছিল সবাইকে। কিন্তু এশিয়া কাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে আট দলের মধ্যে হয় সপ্তম। ঘরোয়া হকিতে নিয়ন্ত্রিত নির্বাচন বর্জন করে মোহামেডান জোটভুক্ত ক্লাবগুলো। এশিয়া কাপের আবাসিক ক্যাম্পের আগে দলবদলের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে হকি অঙ্গন। খেলোয়াড়দের বোঝাতে গিয়ে লাঞ্ছিত হন কোচ নাভিদ আলম। এরই জেরে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন সাবেক খেলোয়াড় রাসেল খান, আরিফুল হক, শামসুদ্দিন তুহিন, আশিকুজ্জামান ও আসাদুজ্জামান চন্দন। মুঠোফোনে রাসেল মাহমুদ জিমিকে হত্যার হুমকি দেওয়ায় নিষিদ্ধ হন আবাহনীর হকি কর্মকর্তা শহীদুল্লাহ দোলন। আর এশিয়া কাপ হকিতে ব্যর্থতার জন্য গড়া তদন্ত কমিটির সুপারিশে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন জিমি, জাহিদ, ইমরান ও কামরুজ্জামান। এতসব বাজে খবরের ভিড়ে একটা সুসংবাদ—সিঙ্গাপুরে যুব এশিয়া কাপে অনূর্ধ্ব-১৬ হকি দলের রানার্সআপ হওয়া। এতে যুব অলিম্পিকে সরাসরি খেলারও সুযোগ পায় তারা।

ঘরোয়া খেলাধুলায় অনেক দিন পর আলোচনায় আসে বাংলাদেশ গেমস। প্রায় ভুলতে বসা গেমসটা আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন নির্বাচিত কমিটি। ১১ বছর পর সফলভাবেই শেষ হয় অষ্টম বাংলাদেশ গেমস। তবে সফল আয়োজনে একটু কালি ছিটিয়েছে কাবাডিতে রক্তারক্তি কাণ্ড!

অ্যাথলেটিকস ট্র্যাকে ঝলক দেখিয়েছেন দুই নবীন—আবু রায়হান ও জাকিয়া সুলতানা। অভিজ্ঞ নাজমুন নাহার বিউটির পাশে ছিলেন চোখে স্বপ্ন এঁকে উঠে আসা মেজবাহ আহমেদ। গেমসে সাঁতারে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে ১৯ বছরের রেকর্ড ভেঙেছেন মাহফিজুর রহমান সাগর। অনেক দ্বিধার পর অবসরে গেছেন শ্যুটার সাবরিনা সুলতানা। ব্যাডমিন্টনে ছিল নতুন চমক। ১৫ বছর বয়সে দেশের সেরা খেলোয়াড়দের হারিয়ে পুরুষ এককের সোনা জিতেছেন আইমান ইবনে জামান।

দাবায় সাফল্যের চেয়ে ব্যর্থতার খবরই বেশি। এশিয়ান জোনাল দাবার উন্মুক্ত বিভাগে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, মহিলা বিভাগে শামীমা আক্তার লিজা চ্যাম্পিয়ন হয়েছিলেন। নর্ম পেয়ে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়েছে ফাহাদ রহমান। তবে এসব ছাপিয়ে ‘আদম পাচারে’র ঘটনায় কলঙ্কিত হয়েছে দাবা।

শ্যুটিংয়ে কোনো আন্তর্জাতিক সাফল্য নেই। আর্চারির একমাত্র সাফল্য—ইন্দোনেশিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে ইমদাদুল হক মিলনের রুপা। সেখানেই তায়কোয়ান্দোতে শ্রাবণীর ব্রোঞ্জ। আর ঢাকায় আমন্ত্রণমূলক দক্ষিণ এশীয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এ বছর বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্য ছিল নজরকাড়া। দক্ষিণ কোরিয়ায় স্পেশাল অলিম্পিকের শীতকালীন গেমসের ফ্লোর হকিতে সোনা জেতে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক গেমসে বাংলাদেশ জেতে ৭৭টি সোনা।

 এ বছর ক্রীড়াঙ্গন হারিয়েছে অনেক খেলোয়াড়-কর্মকর্তাকেও। মাত্র ১৭ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন শাটলার আবদুল মোমেন। চিরবিদায় নিয়েছেন জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় মালেক চুন্নু, ধারাভাষ্যকার মোহাম্মদ মুসা, রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল মজনু ও ক্রীড়া সংগঠক গোলাম রসুল মোল্লা।