সিদ্দিকুরের লক্ষ্য ইউএস ওপেন
ভিসা জটিলতায় গত বছর ইউএস ওপেনে খেলতে যাওয়ার সুযোগ পাননি। তবে এবার তাঁর হাতে ভিসা থাকবে। গলফার সিদ্দিকুর রহমানও তাই খেলতে যেতে চান ইউএস ওপেনে। আগামী ১১-১৭ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ইউএস ওপেন। তবে এর আগে অবশ্যই বাছাইপর্ব পেরোতে হবে দেশসেরা গলফারের।দিল্লির প্যানাসনিক ওপেন, মালয়েশিয়ার মেব্যাংক ওপেন, ইন্দোনেশিয়ার সিআইএমবি নিয়াগা মাস্টার্স এবং দক্ষিণ কোরিয়ার সিউলে ব্যালেন্টাইনস চ্যাম্পিয়নশিপ শেষে ১ মে ঢাকায় ফিরেছেন সিদ্দিকুর। এমন ঠাসা সূচির পর ক্লান্তিই তাঁকে পেয়ে বসার কথা। কিন্তু খেলার মধ্যে থাকলে তিনি ক্লান্তি বোধ করেন না, ‘টানা টুর্নামেন্টের মধ্যে থাকলেই ভালো লাগে। নিজের মধ্যে বাড়তি তাগিদ থাকে। খেলার মধ্যে না থাকলেই বেশি খারাপ লাগে। খেলা থাকলে সময়টা ভালো কাটে। আমিও ছন্দে থাকি।’ টানা এক মাস খেলে আসার পর আপাতত তিন সপ্তাহ দেশেই থাকবেন সিদ্দিকুর। এর পরই চলে যাবেন যুক্তরাজ্যে। সেখান থেকেই ইউএস ওপেনের বাছাইয়ে অংশ নেবেন। ২৮ ও ২৯ মে যুক্তরাজ্যে হবে এই বাছাই টুর্নামেন্ট। ইউএস ওপেনের চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছেন সিদ্দিকুর। কিন্তু কাজটা যে মোটেও সহজ নয়, সেটাও জানেন, ‘এই বাছাইপর্ব থেকে সেরা চারজন সম্ভবত সুযোগ পাবে ইউএস ওপেনে। কাজটা কঠিন। তবে আমার চেষ্টা থাকবে সেখানে ভালো খেলার।’ দিল্লিতে দ্বিতীয় হলেও এরপর মালয়েশিয়ায় ৫২তম, ইন্দোনেশিয়ায় ১৪তম এবং কোরিয়াতে সর্বশেষ টুর্নামেন্টে ২৫তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেন। পারফরম্যান্সের এমন উত্থান-পতনে অবশ্য চিন্তিত নন সিদ্দিকুর, ‘গলফে এটা হতেই পারে। কারও একদিন খারাপ যাবে, পরদিন হয়তো খুব ভালো হবে। এখানে প্রথম দিন যিনি শীর্ষে থাকেন, শেষ দিনে দেখা যায় তিনিও চ্যাম্পিয়ন হতে পারেননি।’ চলতি সপ্তাহে ঢাকায় শুরু হচ্ছে পেশাদার গলফ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলে ফিটনেসটাও ঠিক রাখতে চান সিদ্দিকুর, ‘যেহেতু ঢাকাতেই আছি, তাই ভাবছি এই টুর্নামেন্টে খেলব। তাতে নিজের ফিটনেসটা ঠিক থাকবে। ইউএস ওপেনে কোয়ালিফাই করার জন্য এটি দারুণ কাজে দেবে।’