সিদ্দিকুরের শট গাছের ডালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রাইভ করছেন মোহাম্মদ নাজিম। কুর্মিটোলায় কাল শুরু বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম দিনে বাংলাদেশের গলফারদের মধ্যে রবিন মিয়া ও জামাল হোসেনের সঙ্গে সবার ওপরেই ছিল তাঁর নাম l শামসুল হক
ড্রাইভ করছেন মোহাম্মদ নাজিম। কুর্মিটোলায় কাল শুরু বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম দিনে বাংলাদেশের গলফারদের মধ্যে রবিন মিয়া ও জামাল হোসেনের সঙ্গে সবার ওপরেই ছিল তাঁর নাম l শামসুল হক

কুর্মিটোলা গলফ কোর্সে হঠাৎই সেতারের মূর্ছনা! শীতের শেষ বিকেলে ক্লাব হাউসের লবিতে বাজল তবলা আর সেতারের সুরেলা ছন্দ। কুর্মিটোলায় শুধু ছন্দে ছিলেন না দেশি গলফাররা। ক্লাব হাউসের সামনের কোর্সে বার্ডি করে প্রথম রাউন্ড শেষ করেন সিদ্দিকুর রহমান। তা দেখে হাঁফ ছেড়ে বাঁচলেন সিদ্দিকুরের স্ত্রী সামাউন আনজুম অরণী।
বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে পারের সমান খেলে প্রথম রাউন্ড শেষ করেছেন সিদ্দিকুর। লিডারবোর্ডে ১৬ জনের সঙ্গে যৌথভাবে ২৯তম। পারের সমান খেলে একই অবস্থানে বাংলাদেশের মোহাম্মদ মুয়াজ, বাদল হোসেন, মোহাম্মদ সাইয়ুম ও দুলাল হোসেন।
পারের চেয়ে এক শট কম খেলে এঁদের চেয়ে একটু ভালো অবস্থানে মোহাম্মদ নাজিম, রবিন মিয়া ও জামাল হোসেন। ১৩ জনের সঙ্গে ১৫তম এই তিন গলফার। পারের চেয়ে ৭ শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তানান্দ ও ভারতের শুভংকর শর্মা।
দুপুর ১২টায় টি-অফ করেন সিদ্দিকুর। শুরুটা মোটেও ভালো হয়নি। চার নম্বর হোলে বিপর্যয়। প্রথম শটটি গাছের ডালে লেগে সীমানার বাইরে চলে যায়। এ জন্য দুই শট জরিমানা গুনতে হয়েছে। সব মিলিয়ে ওই হোলে তিন শট বেশি খেলতে হয়েছে। তবে বিপর্যয় সামলে ধীরে ধীরে খেলায় ফেরেন সিদ্দিকুর। চৌদ্দ, সতেরো ও আঠারো নম্বর হোলে করেন বার্ডি।
দিনের শেষ শট নেওয়ার সময় সবাই চেয়ে ছিল তাঁর দিকে। শেষ পর্যন্ত যখন বার্ডি করলেন, ক্লাব হাউসের আশপাশে দাঁড়ানো ক্যাডি, বলবয়, নিরাপত্তারক্ষী থেকে শুরু করে কর্মকর্তারা সবাই স্বাগত জানালেন। এরপর দৌড়ে কার্ড জমা দিতে গেলেন ভবনের দোতলায়।
সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে সিদ্দিকুর যখন সারা দিনের খেলার ময়নাতদন্ত করছিলেন, তাঁর কণ্ঠে একটু স্বস্তি, ‘আমি আসলে ভালোই খেলেছি। বিপর্যয় দিয়ে শুরু হয়েছিল। তবে দারুণভাবে ফিরে এসেছি। সব মিলিয়ে প্রথম রাউন্ড শেষে খুশি।’ তবু মনের মধ্যে পুষে রেখেছেন শিরোপার স্বপ্ন, ‘ইনশা আল্লাহ এখনো তিন রাউন্ডের খেলা বাকি। খুব ভালো আশা আছে আমার।’
নিজেদের চিরচেনা গলফ কোর্সে স্থানীয় গলফারদের কেউ তেমন আশার আলো জ্বালাতে পারেননি। কোর্সের গ্রিন গতিময় হওয়ায় মানিয়ে নিতে পারছেন না অনেকে। বল ঘাসের ওপর পড়ে না থেমে দ্রুত পিছলে যাচ্ছে। সিদ্দিকুরের কাছেও নিজের কোর্সের এই কন্ডিশনটা অন্য রকম লাগছে, ‘আমরা এখানে কখনো এমন কন্ডিশন পাই না। তবে আমি এমন কন্ডিশনে খেলে অভ্যস্ত। কিন্তু কী আর করা! এভাবেই খেলতে হবে।’
শিরোপা জিততে না পারলেও গত দুই আসরে স্থানীয়দের মধ্যে সেরা হয়েছিলেন সাখাওয়াৎ হোসেন সোহেল। গতবার শেষ করেন ষষ্ঠ স্থানে থেকে। কিন্তু এবার ৯ জনের সঙ্গে রয়েছেন ১০৩তম স্থানে। কাট মিস হয় কি না সেই ভয়ে আছেন সোহেল, ‘শুরুটা ভালো হয়েছিল বলে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। তাই কিছু উচ্চাভিলাষী শটও খেলেছি; এটাই ছিল বোকামি। এখন যাতে কাট মিস না হয়, সেই চেষ্টা করতে হবে।’