সিদ্দিকুরের শিরোপা ধরে রাখার লড়াই
ভেন্যু ভুল করে সিদ্দিকুর রহমান চলে গিয়েছিলেন প্রেসক্লাবে। সাজানো মঞ্চটা অপেক্ষায় থাকল, আয়োজকেরা বসে রইলেন, সাংবাদিকেরা উশখুশ করলেন। ঘণ্টা খানেক বাদে সিদ্দিকুর এসে পৌঁছানোর পর শুরু হলো সংবাদ সম্মেলন। সিদ্দিকুর ছাড়া বাংলাদেশের গলফবিষয়ক কোনো আয়োজন হয় নাকি! আগামীকাল থেকে ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে যে আমেরিকান এক্সপ্রেস ওপেন শুরু হতে যাচ্ছে, তাতে বাংলাদেশের গলফ-নায়কের ওপরই থাকবে পাদপ্রদীপের আলো।প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত তৃতীয় পেশাদার টুর্নামেন্ট এটি বাংলাদেশে। এর স্পনসর আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের স্থানীয় ফ্র্যাঞ্চাইজি সিটি ব্যাংক লিমিটেড। প্রাইজমানি ৩০ লাখ টাকা। সবচেয়ে বড় কথা, প্রতিযোগিতায় নাম লেখানো ৭৮ জন গলফারের ৩০ জনই বাংলাদেশের। এঁদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে তো অবশ্যই সিদ্দিকুর, এরপর জামাল হোসেন মোল্লা, সাখাওয়াত হোসেন প্রমুখ।এই ওপেনের গত দুই বছরের বিজয়ী বাংলাদেশের জামাল হোসেন ও সিদ্দিকুর। শিরোপা ধরে রাখার প্রত্যয়ের কথা শোনা গেল সিদ্দিকুরের কণ্ঠে। যদিও ভারতীয় প্রতিযোগী বিশেষ করে গগনজির্যা ভুলার ও বিজয় কুমারের সঙ্গে কঠিন লড়াইয়ের পূর্বাভাসও দিয়ে রাখলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পিজিটিআইয়ের পরিচালক উত্তম সিং মান্ডি, সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার, বাংলাদেশ গলফ ফেডারেশনের সদস্য পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আক্তার (অব.) ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্নেল এস এম শওকত আলী (অব.)।