সিদ্দিকুরের সামনে নতুন স্বপ্নের পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে বসা দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। সামনে দর্শকসারিতে দেশের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বসে আছেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ। আছেন ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূতও। এমন সমীহ জাগানো পরিবেশে হঠাৎ কথা হারিয়ে ফেললেন তিনি।দর্শকসারিতে চোখ ঘুরিয়ে এনে বললেন, ‘নতুন আর কী বলব? সবাই তো আমার সবকিছু জানেন। পুরোনো সব কষ্ট আমি ভুলে গেছি। শুধু ছোটবেলার কথা মনে পড়ছে। কোনো দিন কল্পনাও করিনি, এত গণ্যমান্য মানুষের মাঝে উপস্থিত থাকতে পারব।’তিনি যে আসলেই সব কল্পনাকে ছাড়িয়ে যেতে পারা একজন। সেই কল্পনাকে ছাড়িয়ে যাওয়া সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা জানাতেই গতকাল মেলা বসেছিল ঢাকার একটা পাঁচতারা হোটেলে।১২টি অপেশাদার টুর্নামেন্ট ও ৪টি পেশাদার টুর্নামেন্ট জিতে সিদ্দিকুর এমনিতেই বাংলাদেশের গলফকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজটা করে ফেলেছিলেন। কিন্তু ৩১ জুলাই ব্রুনাই ওপেন জয় করে গলফ-বিশ্বকেই তিনি চমকে দিয়েছেন। প্রথমবারের মতো এশিয়ান ট্যুর-জয়ী বাংলাদেশি এই গলফারকে সম্মান জানাতেই কালকের আয়োজন।আয়োজনটাকে এককথায় দারুণভাবে প্রকাশ করলেন সিদ্দিকুরের পৃষ্ঠপোষক সংস্থা গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল, ‘আমরা এমন একজন মানুষকে সম্মান জানাতে এখানে একত্র হয়েছি, যিনি একা এই বাংলাদেশের নাম গলফ-বিশ্বের মানচিত্রে লিখে দিয়েছেন।’খুবই সত্যি কথা। এই একক কৃতিত্বের দাবিদার সিদ্দিকুরকে সম্মাননা জানাতে ‘ইফতার পার্টি’র আয়োজন করেছিল গলফ ফেডারেশন ও গ্রামীণফোন। অনুষ্ঠানে সিদ্দিকুরের কিছু সতীর্থ এসেছিলেন। এসেছিলেন তাঁর তিন ভাই এবং মা। গলফ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান বক্তৃতা দিতে এসে সবাইকে আবেগাক্রান্ত করে ফেললেন সিদ্দিকুরের মাকে দেশবাসীর পক্ষে ‘সালাম’ জানিয়ে, ‘এমন একটি সন্তান এই দেশকে উপহার দেওয়ার জন্য আপনাকে পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’আর এতে খানিকটা বাকহারা হয়ে পড়লেন সিদ্দিকুর। মঞ্চে বক্তৃতা দিতে আবেগে কণ্ঠ আটকে এল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও আবেগাক্রান্ত সিদ্দিকুর, ‘দেশের মানুষ আমাকে যে ভালোবাসা উপহার দিচ্ছে, আমি এর আরও প্রতিদান দিতে চাই।’খুব দ্রুত প্রতিদান দেওয়ার সুযোগ পাচ্ছেন সিদ্দিকুর। জীবনের প্রথম ইউরোপিয়ান ট্যুর, সুইজারল্যান্ডের ওমেগা ওপেন খেলতে রওনা হয়ে যাচ্ছেন আজ। ওখান থেকে ফিরে আগামী মাসের ১২ তারিখ থেকে জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৫টি ওপেন টুর্নামেন্ট খেলবেন।এর আগে কখনো বেড়াতেও ইউরোপে যাননি। দীর্ঘদিনের সেই স্বপ্নভূমিতে এবার যাচ্ছেন খেলতেই। একটু যেন উত্তেজিত সিদ্দিকুর, ‘গলফটা বুঝতে পারার পর থেকেই ইউরোপিয়ান ট্যুর খেলার স্বপ্ন দেখেছি। অবশেষে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে।’স্বপ্নের পথচলা শুরুও এখানে। সিদ্দিকুরের চূড়ান্ত স্বপ্ন সেই ইউএস পিজিএ ট্যুরও যে এখন হাতছানি দিতে শুরু করেছে! সিদ্দিক পথটা দেখতে পাচ্ছেন, ‘সুইজারল্যান্ডেই কিছু একটা করে ফেলতে হবে তা না। আগামী দুই বছর আমি ইউরোপিয়ান বিভিন্ন ট্যুরে খেলতে পারব। এর মধ্যে একটা জিতলেই পিজিএ ট্যুর খেলার সুযোগ পেয়ে যাব।’স্বপ্ন সিদ্দিকুর দেখছেন, দেখাচ্ছেন। তাই বলে প্রথম ইউরোপ সফরেই শিরোপা জিতে ফেলবেন, এমন অতি আত্মবিশ্বাসী সিদ্দিকুর নন। তবে যুক্তি দিয়েই বললেন, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে চান, ‘ওয়েবসাইটে দেখেছি, কোর্সটা খুব ভালো। ভালো কোর্সে খেলা ভালো উপভোগ করা যায়। আর খেলা উপভোগ করতে পারলে ভালো ফল তো আসবেই।’তাহলে ভালো কিছুর জন্য দেশবাসীকে অপেক্ষাতেই রাখছেন সিদ্দিকুর?