সিদ্দিকুরের স্বপ্নভঙ্গ
ঠিক যে মুহূর্তে মনঃসংযোগ সবচেয়ে বেশি ধরে রাখার প্রয়োজন ছিল, সেই সময়ই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বসলেন! তা না হলে কি আর শেষ হোলের টি-শটে ওভাবে জঙ্গলের মধ্যে গিয়ে বলটা পড়ে? গলফার সিদ্দিকুর রহমানের বল খুঁজতে গিয়ে টেলিভিশন ক্যামেরা ততক্ষণে দিশেহারা। অবশেষে কাঁচি দিয়ে বলের আশপাশের কিছু ঘাস পরিষ্কার করে গাছের আড়াল থেকে শট নিলেন সিদ্দিকুর। কিন্তু প্যানাসনিক ওপেনের শিরোপা-স্বপ্নটা যে ওই শটেই জলাঞ্জলি দিয়ে ফেলেছেন, চেহারায় তা ফুটে উঠল স্পষ্টই।
দিল্লি গলফ কোর্সে শেষ পর্যন্ত সিদ্দিকুর পারের সমান খেলেছেন চতুর্থ রাউন্ডে। সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে থাইল্যান্ডের থাওরন বীরাতচান্তের সঙ্গে যুগ্মভাবে হয়েছেন দ্বিতীয়। ৪ লাখ ডলারের প্রাইজমানির টুর্নামেন্টে সিদ্দিকুর জিতেছেন ৩৪ হাজার ৬০০ মার্কিন ডলার (প্রায় ২৬ লাখ ৯০ হাজার টাকা)। এই বছরে খেলা ১৪টি টুর্নামেন্টের মধ্যে এটিই সিদ্দিকুরের সেরা পারফরম্যান্স।
ক্যারিয়ারে প্রথমবারের মতো এশিয়ান ট্যুরের শিরোপা হাতে তুলেছেন দিল্লির ‘লোকাল হিরো’ চিরাগ কুমার। তিনি চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে হয়েছেন চ্যাম্পিয়ন। পারের চেয়ে ৩ শট কম খেলে বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন হয়েছেন ২৩তম।
গত তিন দিন যেভাবে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে খেলেছেন সিদ্দিকুর, তাতে শিরোপার সুবাসই যেন পাচ্ছিলেন। কাল ৪টি বার্ডি করেছেন। কিন্তু বগিও করেছেন ৪টি। দিনের শুরু থেকে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো কখনো সিদ্দিকুর লিডার বোর্ডের ওপরে ওঠেন, কখনো চিরাগ। অবশ্য ১৫তম হোলে চিরাগকে টপকানোর দারুণ সুযোগ ছিল সিদ্দিকুরের। ওই হোলের খেলা শেষে চিরাগের চেয়ে মাত্র এক শট পিছিয়ে ছিলেন। ১৬তম হোলে বার্ডি করে চিরাগকে ধরার দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু বলটা হোলের সামান্য দূরে এসে থেমে গেল। তবে সর্বনাশের শুরুটা হয়েছে শেষ দুই হোলে এসে। ১৭ নম্বর হোলে বগি করলেন। আর ১৮তম হোলের টি-শটে বলটা ফেললেন জঙ্গলের ভেতরে! স্বাভাবিকভাবেই শেষ হোলে বগি এড়াতে পারেননি।
তবে চ্যাম্পিয়ন হতে না পারায় কোনো আক্ষেপই নেই সিদ্দিকুরের। পিঠের ব্যথায় শেষ রাউন্ডটা শেষ করতে পারবেন কি না তাই নিয়েই যে সংশয়ে ছিলেন, ‘আমি ভেবেছিলাম আর খেলতেই পারব না, কারণ পিঠে আবারও ব্যথা পেয়েছি। চতুর্থ টিয়ের সময় ফিজিওথেরাপিস্ট চিকিৎসা দেওয়ার পর একটু ভালো লাগছিল। শেষ পর্যন্ত যে খেলা শেষ করতে পেরেছি এতেই খুশি। ভালো খেলতে বা জিততে এতটুকু চাপ নিইনি কারণ আমি পিঠের ব্যথায় ভুগছি। শেষ পর্যন্ত জয়টা ধরা দেয়নি কিন্তু যা খেলেছি মন্দ না।’
দুই বছর আগে এই দিল্লি কোর্সেই জিতেছিলেন এশিয়ান ট্যুরের সর্বশেষ শিরোপা। কাল জিততে পারলে আগামী দুই বছর এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে উইনিং ক্যাটাগরির সুবাদে একটু বেশি অগ্রাধিকার পেতেন। কিন্তু জয়ের বন্দরে এসেও পা হড়কালেন সিদ্দিকুর, সুযোগটা হাতছাড়া হলো। যদিও অর্ডার অব মেরিটের মাধ্যমেও খেলতে পারবেন বর্তমানে ২৮তম স্থানে থাকা সিদ্দিকুর। বছর শেষে সেরা ৬৫ জনের মধ্যে থাকলেই যে সুযোগটা পান একজন গলফার।
ট্রফি তুলে দেওয়ার আগে চিরাগকে পরিয়ে দেওয়া হলো নীল ব্লেজার। আর তা চেয়ে চেয়ে দেখলেন সিদ্দিকুর, নীল হলেন না পাওয়ার বেদনায়।