সিদ্দিকুরের 'মিশন থাইল্যান্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

এর আগেও দুবার খেলেছেন। পাহাড় আর সাগরঘেরা থাই শহর হুয়া হিনের ব্ল্যাক মাউন্টেন গলফ কোর্সটা হাতের তালুর মতোই চেনা সিদ্দিকুর রহমানের। আজ আবারও সেখানে কিংস কাপ গলফ টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের গলফের নায়ক।

কিংস কাপ গলফটা হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু হচ্ছে এবার। ১৬-১৯ জানুয়ারির টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লাখ ডলার। সিদ্দিকুরের জন্য এটা নতুন বছরের প্রথম টুর্নামেন্ট। বছরের শুরুটা স্মরণীয় করতে চেষ্টার কমতি নেই তাঁর। বর্তমানে তিনি এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে আছেন তৃতীয় স্থানে। এই টুর্নামেন্টের শেষে প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে সেরা চারে থাকলেই সুযোগ পাবেন ইউরেশিয়া গলফ টুর্নামেন্টে। যেটি হবে মালয়েশিয়ায় আগামী ২৮-৩০ মার্চ।

জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে কাল বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা পুরস্কার হাতে বলছিলেন, ‘এটা ২০১১ সালের পুরস্কার। ওই বছরের চেয়ে গত বছর আরও ভালো করেছি। এই পুরস্কারটা আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।’ গত বছর প্রথমবারের মতো খেলেছেন বিশ্বকাপে। দিল্লিতে জিতেছেন ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা হিরো ইন্ডিয়ান ওপেন। গত বছরের সাফল্যই সিদ্দিকুরকে ইউরোপ ও এশিয়ার সেরা গলফারদের সঙ্গে লড়াই করার ব্যাপারে আশাবাদী করে তুলছে, ‘আমি ইউরেশিয়া কাপে খেলার ব্যাপারে ৯৯ ভাগ আশাবাদী। কিংস কাপে নিজের সেরাটা খেলে যদি র‌্যাঙ্কিংটা এগিয়ে আনতে পারি, তাহলে সেখানে সুযোগ পাওয়ার দারুণ সম্ভাবনা আছে। আমার জন্য সেটা হবে একটা বড় অর্জন। প্রথমবারের মতো ইউরোপের সঙ্গে এশিয়ার লড়াই। আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’

নিজের প্রস্তুতি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী সিদ্দিকুর, ‘আমি আমার মতো করে প্রস্তুতি নিচ্ছি। দিন দিন আমার আত্মবিশ্বাস বাড়ছে। সম্প্রতি বিশ্বকাপে খেলেছি। এটাও আমার জন্য বিশাল অভিজ্ঞতা। সামনের টুর্নামেন্টগুলোয় এটা অনেক কাজে দেবে।’

থাইল্যান্ডে খেলেই দেশে ফিরবেন সিদ্দিকুর। এরপর এক মাস কোনো টুর্নামেন্ট নেই। মাঝের এই লম্বা সময়টা ইউরেশিয়া কাপের প্রস্তুতিতে কাজে লাগাতে চান।