সিদ্ধান্ত এখন পাইবাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামটা বেশ ভারী। টেস্ট খেলুড়ে দেশে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। আছে ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের সমৃদ্ধ অধ্যায়ও। দীর্ঘ সময়ের জন্য থাকতেও প্রাথমিকভাবে রাজি। স্টুয়ার্ট লর উত্তরসূরি হিসেবে বিসিবির সব চাওয়া মিলে গেছে রিচার্ড পাইবাসের মধ্যে। বাকি ছিল পাইবাসেরই কিছু প্রশ্নের উত্তর জানা, কিছু কৌতূহল মেটানো। সে জন্যই ঢাকায় এসেছেন পাইবাস।ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের কোচ প্রার্থিতার আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতেই বুঝি এসেছেন পাইবাস। আদতে ৪৭ বছর বয়সী কোচ এসেছেন নিজের তাগিদেই। বিসিবির তাঁকে এতটাই পছন্দ যে, আনুষ্ঠানিক সাক্ষাৎকারের প্রয়োজনই দেখছেন না বিসিবির প্রধান আ হ ম মুস্তফা কামাল। মাঠের ক্রিকেটের চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত পাইবাসও। তবে তাঁকে ভাবাচ্ছে মাঠের বাইরের জীবন। সুযোগ-সুবিধা পর্যাপ্ত আছে কি না, স্ত্রী-সন্তানেরা বাংলাদেশে কতটা থিতু হতে পারবে, পরিবেশ-আবহাওয়া—সব মিলিয়ে সম্ভাব্য কর্মক্ষেত্রকে কাছ থেকে দেখতেই তিনি এসেছেন। ফিরে যাওয়ার কথা আজই। এরপর পরিবারের সঙ্গে কথা বলে জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবির প্রধানের দাবি, ছয়-সাত দিনের মধ্যেই চূড়ান্ত হবে সবকিছু।পরশু রাতে ঢাকায় এসেই মুস্তফা কামালের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে পাইবাসের। কাল সকালে চলে এলেন ‘হোম অব ক্রিকেটে’। জাতীয় দলের ফিল্ডিং কোচ জেসন সুইফট ও ট্রেনার গ্রান্ট লুডেনকে নিয়ে ঘুরে দেখলেন মিরপুরের ড্রেসিংরুম, উইকেট, ইনডোর, একাডেমি। কাল ডিনার করার কথা ছিল অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ও আরেক সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার সঙ্গে।মিরপুরের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ সাবেক পাকিস্তান কোচ। এই সফর যে নিজের কৌতূহল মেটাতেই, সেটাও বারবার বললেন জোর দিয়ে, ‘এটা কোনো অফিশিয়াল সফর বা সাক্ষাৎকার নয়। আমার জন্য এটা আসলে একটা ‘‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন”। নিজের চোখে একটু দেখতে এসেছি, বুঝতে এসেছি। প্রেসিডেন্ট ও বোর্ড স্টাফদের সঙ্গে কথা বলতে এসেছি। সরাসরি কথা বললে অনেক কিছুই পরিষ্কার হবে।’আ হ ম মুস্তফা কামালের ইচ্ছা, পাইবাসকে আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া। তবে টানা খুব বেশি দিন এক জায়গায় থিতু হওয়ার ইতিহাস কিন্তু এই ইংলিশ কোচের নেই। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও কোচিং ক্যারিয়ারের প্রায় পুরোটাই কেটেছে দক্ষিণ আফ্রিকায়। স্থায়ীভাবে থাকেনও কেপটাউনে। দক্ষিণ আফ্রিকারই বোর্ডার দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু মধ্য নব্বইয়ে। দুই দফায় (১৯৯৯-২০০০ ও ২০০৩ সালে) ছিলেন পাকিস্তান জাতীয় দলের কোচ। ২০০৫ সালে দায়িত্ব নেন টাইটানসের। ২০০৭ সালে নিজ দেশে ফিরে আসেন মিডলসেক্সের কোচ হয়ে। মাস পাঁচেক পরেই মিডলসেক্স ছেড়ে আবার ফিরে যান টাইটানসে। ২০০৯ সালে টাইটানস ছেড়ে পরের বছর নেন কেপ কোবরার দায়িত্ব। কেপটাউনের দলটিকে দুই মৌসুমে তিনটি শিরোপা জেতালেও কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্যে দায়িত্ব ছেড়ে দেন গত মার্চে।বাংলাদেশ দিয়ে শুরু হতে পারে নতুন অধ্যায়। বাংলাদেশ দলের প্রতিভা ও সাম্প্রতিক পারফরম্যান্স টেনেছে তাঁকে, ‘আগ্রহের মূল কারণ অবশ্যই প্রতিভা। প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই এখানে, অভাব নেই আসলে পুরো উপমহাদেশেই। এদের নিয়ে কাজ করা রোমাঞ্চকর। প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ করার তাড়না সব সময়ই অনুভব করি। আর বাংলাদেশও ভালো খেলতে শুরু করেছে।’পাইবাসকে অনুপ্রাণিত করেছেন বাংলাদেশের দুই পুরোনো বন্ধুও, ‘এডি বারলো (বাংলাদেশের সাবেক কোচ) আমার বন্ধু ছিল। ও মারা যাওয়ার আগে বাংলাদেশ নিয়ে অনেক কথা হয়েছে, সব সময়ই বাংলাদেশের প্রশংসা করেছে। ওর স্ত্রী কেলির সঙ্গেও কথা হয়েছে সপ্তাহ খানেক আগে। ও বলেছে, বাংলাদেশে ওদের সময় দারুণ কেটেছে। বলেছে, বাংলাদেশের মানুষ অসাধারণ। আর ক্রিকেট নিয়ে এখানে মানুষের আবেগ-ভালোবাসার কথা সবারই জানা।’এক জায়গায় দীর্ঘদিন থিতু হতে না পারার অভিযোগ আছে। তবে পাইবাসের সবচেয়ে বড় গুণ মনে করা হয় ‘আউট অব দ্য বক্স’ ভাবতে পারার ক্ষমতাকে। উঠতি ক্রিকেটারদের লালনেও সুখ্যাতি আছে, স্টেইন-এনটিনি-মরকেল ভ্রাতৃদ্বয়-হ্যারিসদের ক্যারিয়ারের গতিপথ বদলে দেওয়ায় তাঁর বড় ভূমিকা। গ্যারি কারস্টেন দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার লড়াইয়েও ছিলেন জোরালোভাবে। দুই দফার পাকিস্তান অধ্যায় অবশ্য মোটেও সুখকর নয়।এখন পাইবাসই ‘হ্যাঁ’ বললে শুরু হবে তাঁর বাংলাদেশ অধ্যায়। পাইবাসের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।