সিদ্ধান্ত টেন্ডুলকারের হাতেই!
ভিভ রিচার্ডসের কথা, ‘আমি মনে করি, কখন সে ব্যাট তুলে রেখে অবসরে যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুই টেন্ডুলকারের।’ শেন ওয়ার্নের আহ্বান, ‘সংবাদমাধ্যমকে অনুরোধ করব, দয়া করে শচীনকে অবসর-সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন না।’ এই দুই কিংবদন্তিরই কথার প্রতিধ্বনি শোনা গেল কৃষ্ণমাচারি শ্রীকান্তের কণ্ঠে। ভারতের প্রধান নির্বাচক স্পষ্টই জানিয়ে দিলেন, শচীন টেন্ডুলকারই সিদ্ধান্ত নেবেন, কখন তাঁর অবসরে যাওয়া উচিত।ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর সিনিয়র ক্রিকেটারদের অবসরের রব ওঠে ভারতজুড়ে। ‘তিন’ সিনিয়রের একজন রাহুল দ্রাবিড় এরই মধ্যে অবসর নিয়েও ফেলেছেন। বাকি শুধু ভিভিএস লক্ষ্মণ আর টেন্ডুলকার। কিন্তু বাইরের গুঞ্জনে নয়, বিদায় বলার অধিকারটি যে টেন্ডুলকার অর্জন করেছেন শ্রীকান্ত বুঝিয়ে দিলেন সেটাই, ‘এ সিদ্ধান্তটি একমাত্র শচীনকেই নিতে দিন।’ অবসরের রব তোলা মানুষদের অতীতও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘ক্রিকেট একটি খেলা। এখানে কখনো আমরা হারব, কখনো জিতব। দেখতে হবে খেলাটির স্পিরিট ঠিক আছে কি না। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না, এই দলটিই এক বছর আগে আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। তবে হ্যাঁ, হয়তো ছয় থেকে আট মাস ধরে আমাদের স্থবির সময় যাচ্ছে।’গতকাল মার্কিন ঔপন্যাসিক সুজান কলিন্সের উপন্যাস হাঙ্গার গেমস-এর মোড়ক উন্মোচন এবং গ্যারি রসের চলচ্চিত্র দ্য হাঙ্গার গেমস-এর প্রথম প্রদর্শনী উপলক্ষে শ্রীকান্ত শততম সেঞ্চুরির জন্য টেন্ডুলকারকে প্রশংসায়ও ভাসিয়েছেন। ওয়েবসাইট।