সিদ্ধান্ত নিতে হবে তামিমকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল এখন তামিম ইকবালের কোর্টে। আজ খুলনা রয়্যাল বেঙ্গলসের বিপক্ষে চিটাগাং কিংস দলে তাঁকে দেখা যাবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে তামিমকেই।পরশু দুরন্ত রাজশাহীর বিপক্ষে তামিমের না খেলার কারণ কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আরেকবার ব্যাখ্যা করেছে চিটাগং কিংস। কারণ ওই কুঁচকির চোটই। কোচ খালেদ মাহমুদও কাল নিশ্চিত করেছেন, ‘কুঁচকির ইনজুরি ছাড়া তামিমের না খেলার আর কোনো কারণ নেই। তামিম আমাদের আইকন খেলোয়াড়। আমরা সবাই তামিমকে দলে চাই।’কিন্তু অন্যরা চাইলেই তো হবে না। কুঁচকির ব্যথা খেলার পথে কতটা অন্তরায় হচ্ছে, সেটা তামিমের চেয়ে ভালো আর কে বুঝবেন? দল তাই খেলা না-খেলার ব্যাপারটা ছেড়ে দিয়েছে তাঁর ওপরই। ‘তামিম যখনই বলবে সে খেলার জন্য ফিট, তখনই তাঁকে দলে নেওয়া হবে। সেটা হতে পারে কালকের (আজ) ম্যাচেই’—কাল টেলিফোনে বলেছেন চিটাগং কিংসের কোচ।ওদিকে তামিম বা ডিন জোন্স যতই অস্বীকার করুন না কেন, দুজনের সম্পর্কের শীতলতা এখন বিপিএলের ‘ওপেন সিক্রেট’। দুজনের মধ্যে সর্বশেষ ‘সংঘর্ষ’টা বেধেছে পরশু খেলার আগে। তামিম কুঁচকির ব্যথার কথা বলার আগ পর্যন্ত তাঁর খেলারই কথা ছিল ম্যাচটা। কিন্তু খেললে ব্যাট করবেন কত নম্বরে, ডিন জোন্সের সঙ্গে তর্ক হচ্ছিল সেটা নিয়ে। সূত্র জানিয়েছে, টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্স চেয়েছিলেন তামিম তিন বা চার নম্বরে খেলুক। তামিম তাতে রাজি না হয়ে উল্টো নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। যদিও কোচ খালেদ মাহমুদ চাইছিলেন, তামিম খেলুন ওপেনার হিসেবেই। তামিমকে সেই নিশ্চয়তাও নাকি দিয়েছিলেন তিনি।জোন্স-তামিম বিরোধের সূচনা ঢাকায়। তামিম ব্যাটিং অনুশীলন করতে চাইলে জোন্স নাকি চোটের কথা বলে তাঁকে অনুশীলন করতে দেননি। এ নিয়ে তখনো কথা-কাটাকাটি হয়েছিল দুজনের মধ্যে।ওদিকে চিটাগং কিংস ছেড়ে আজই চলে যাচ্ছেন ডিন জোন্স। না, তামিম-সংক্রান্ত ঘটনার কারণে নয়। ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কী একটা চুক্তি আছে তাঁর। আজ চলে যাওয়াটা তাই পূর্বনির্ধারিতই।