সিদ্ধান্ত নিতে হবে পাইবাসকেই
২৪ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলো রিচার্ড পাইবাসকে। এর মধ্যে মনস্থির করে চূড়ান্তভাবে কিছু জানাতে না পারলে জাতীয় দলের কোচের ব্যাপারে নতুন করে ভাববে বিসিবি। কাল বোর্ড সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির বিদায়ী সভাপতি আ হ ম মুস্তফা কামাল।ছুটিছাটার শর্ত নিয়ে বিসিবি-পাইবাস মতৈক্য হচ্ছে না। বিসিবির চুক্তিতেও তাই এখনো সই করেননি অনেক দিন ধরেই দক্ষিণ আফ্রিকায় স্থায়ী ইংলিশ বংশোদ্ভূত এই কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশে গেছেন, ফেরার নাম নেই এখনো। কবে ফিরবেন, সেটাও সবার অজানা। বিষয়টা নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের পর কাল আলোচনা হলো নাজমুল হাসানের অভিষেক এবং মুস্তফা কামালের বিদায়ী বোর্ড সভায়ও। সভা শেষে মুস্তফা কামাল জানালেন, ‘আমরা তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এসে দায়িত্ব নিতে অনুরোধ করব। তিনি না এলে বোর্ডের সিদ্ধান্ত কী হবে, সেটা পরবর্তী সভায় ঠিক করা হবে।’ নতুন সভাপতির সভাপতিত্বে ২৪ অক্টোবর হবে বিসিবির পরবর্তী সভা। চলমান কিছু বিষয়ের সিদ্ধান্ত হতে পারে বলে সেই সভাতেও থাকার কথা মুস্তফা কামালের।বিদায়ী বোর্ড সভাপতি জানিয়েছেন, পরিবার চাচ্ছে না বলেই বাংলাদেশে আসতে পারছেন না পাইবাস। বাড়তি ছুটিটাও তিনি চাচ্ছেন পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতেই। ‘পাইবাসকে এ-ও বলেছি, পরিবারকে এখানে নিয়ে আসুন। তারা আমাদের অতিথি হবে। দেখেন, তাদের ভালো লাগে কি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তাঁর পরিবারকে রাজি করাতে পারছেন না। তাই বলে ওনার ছুটি বাড়ানোর শর্তও আমরা মানতে পারব না’—বলেছেন কামাল।