সিদ্ধান্ত বদলাতে পারেন মাহমুদ
কিছুটা কি নমনীয় হলেন খালেদ মাহমুদ? কাল সকালেও পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকার কথা বলছিলেন জোর দিয়ে। কিন্তু দুপুরের দিকে বললেন, ‘এখনো না ফেরারই সিদ্ধান্ত আমার। তার পরও ভেবে দেখি...।’জাতীয় দলের পদত্যাগী সহকারী কোচ খালেদ মাহমুদকে ভাবনায় ফেলে দিয়েছে আসলে বিসিবির কালকের উদ্যোগ। বিসিবির দুই পরিচালক ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন, মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ তাঁকে অনুরোধ করেছেন সিদ্ধান্ত পাল্টানোর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সকালে অনুশীলনের ফাঁকে এনায়েত হোসেন কথা বলেছেন মাহমুদের সঙ্গে। তাঁকে অনুরোধ করেছেন দেশের ক্রিকেটের স্বার্থে পদত্যাগপত্র প্রত্যাহার করে সহকারী কোচ হিসেবে থেকে যেতে। দুপুরের পর জালাল ইউনুসও অনুরোধ করেছেন। সন্ধ্যায় টেলিফোনে কথা বলেছেন প্রধান নির্বাহী। মাহমুদ কালই তাঁদের কিছু না বললেও তাঁর ভাবনায় কিছুটা যেন পরিবর্তনের হাওয়া, ‘সিরাজ ভাই (এনায়েত হোসেন), জালাল ভাই ও প্রধান নির্বাহী মঞ্জু ভাই আমাকে অনুরোধ করেছেন থেকে যেতে। আমি তাঁদের কাছে দু-একদিন সময় চেয়েছি। এটা অনেক বড় সিদ্ধান্ত। একটু ভেবে দেখি।’খালেদ মাহমুদের সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা এর আগেও একবার হয়েছে। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদ আর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নিজামউদ্দিন চৌধুরীকে সিদ্ধান্ত বদলাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের সহকারী কোচ। তবে এবার আশাবাদী এনায়েত হোসেন, ‘আমি ওকে বলেছি, দেশের ক্রিকেটের স্বার্থেই তার মতো সাবেক ক্রিকেটারদের জাতীয় দলের সঙ্গে থাকা উচিত। বিদেশি কোচদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতে পারবে, যা ভবিষ্যতে দেশের ক্রিকেটের কাজে লাগবে।’এনায়েত হোসেনের এটা অজানা নয় যে, জাতীয় দলের কোচ জেমি সিডন্সের ওপর মাহমুদ ক্ষুব্ধ। এ ব্যাপারে তাঁর বক্তব্য, ‘সুজনকে (খালেদ মাহমুদ) বলেছি একটু মানিয়ে নিতে। তা ছাড়া আমার তো মনে হয় সিডন্স ওকে দিয়ে কাজ করাচ্ছেন। সিডন্স আমাকে বলেছে, সুজনকে ওর দরকার। সে চায় সুজন থাকুক। কোচিং শিডিউলেও দেখলাম বোলিং কোচ ইয়ান পন্টের সঙ্গে সুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তো সমস্যা কিছু দেখছি না।’মাহমুদ সিদ্ধান্ত বদলাবেন, এনায়েত হোসেন ও জালাল ইউনুসের মতো এমন আশাবাদ বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদের। তবে বিষয়টাকে খুব ‘স্পর্শকাতর’ উল্লেখ করে মন্তব্যও করলেন সতর্কতার সঙ্গে, ‘এটা খুব স্পর্শকাতর বিষয়। এখনই বিস্তারিত কিছু বলা ঠিক হবে না। তবে যা করার আমরা সুজনকে সম্মান দিয়েই করব। আমি আশাবাদী। হয়তো এ মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।’ জানা গেছে, কাল প্রথম আলোয় প্রকাশিত মাহমুদ সম্পর্কে সিডন্সের কিছু মূল্যায়নও তাঁকে সিদ্ধান্ত পরিবর্তনে প্রভাবিত করেছে। সিডন্স মাহমুদের কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও বলেছেন, দিনে দিনে অনেক অভিজ্ঞ হয়ে উঠছেন মাহমুদ। মাহমুদ ‘জাতীয় দলের সম্পদ’ বলেও মন্তব্য করেছেন কোচ।বিসিবিতে চাকরি করুন বা না-ই করুন, এবার প্রিমিয়ার লিগে আবাহনীর কোচের দায়িত্ব পালন করবেন মাহমুদ। ৭ লাখ টাকায় আবাহনীর সঙ্গে পাকা কথা হয়ে গেছে তাঁর। তবে বিসিবি পরিচালক ও আবাহনী কর্মকর্তা জালাল ইউনুস বলেছেন, ‘সুজন যদি বোর্ডের চাকরিতে থেকে যায়, তাহলে বোর্ড থেকে অনুমতি নিয়েই তাকে আবাহনীর কোচ হতে হবে। ওই সময় বিসিবিতে তার কাজ না থাকলেই কেবল সে কোনো দলকে কোচিং করাতে পারবে।’ জালাল ইউনুস জানিয়েছেন, নভেম্বর-ডিসেম্বরে ছুটিতে থাকবেন বলে ওই সময় আবাহনীর ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে আগ্রহী জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও আবাহনীর সাবেক কোচ আমিনুল ইসলাম। বর্তমানে এসিসির কোচ হিসেবে কাজ করছেন তিনি।