সিদ্ধান্ত বদলালেন ইতো
বলেছিলেন পারিবারিক কারণ। কিন্তু গুঞ্জন ছিল, জাতীয় দলের কোচের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্যামুয়েল ইতো। ভেতরে ভেতরে চলা সেই সমস্যা হয়তো মিটে গেছে। আর তাই আবারও দেশের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার ইতো। এএফপি।
মাস খানেক আগে বিশ্বকাপ বাছাইপর্বে লিবিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে দেশকে প্লে-অফে তুলে দেওয়ার পর পরই ক্যামেরুনের পক্ষে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন ইতো। বলেছিলেন, কারণটা পারিবারিক। তবে কোচ ভকের ফিনকের সঙ্গে তাঁর একদমই বনছিল না। মজার ব্যাপার, এই ঘোষণার পরও তিউনিসিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচের দলে তাঁকে রেখেছিলেন কোচ। শুধু তা-ই নয়, ২৫ সদস্যের দলে চেলসি স্ট্রাইকারই যথারীতি অধিনায়ক! অবস্থা দেখে মনে হচ্ছে, নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইতোও। পরশু ক্যামেরুন রেডিওকে চারবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার আবারও খেলার ইচ্ছের কথা জানিয়েছেন, ‘সমস্যা থাকতেই পারে, কিন্তু তার কারণে লক্ষ্য ভুলে গেলে চলবে না। আমি আমার সতীর্থদের সঙ্গে যোগ দিতে চাই এবং তিউনিসিয়ার বিপক্ষে ভালো ফল চাই।’ আগামী রোববার তিউনিসিয়ার বিপক্ষে প্লে-অফের প্রথম লেগ ক্যামেরুনের।