সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিলেন কার্লোস তেভেজ। দুই মেয়েকে আরও বেশি সময় দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত। গত প্রিমিয়ার লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তাঁর ক্লাবকেও। পরশু ব্রিটেনের ডেইলি মেইল-এ প্রকাশিত তাঁর এক সাক্ষাৎকারে জানা গেছে এসব।এর আগে গত ডিসেম্বরেও ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে পরে তা প্রত্যাহার করেছিলেন। কোপা আমেরিকা খেলতে এখন আর্জেন্টিনায় আছেন এই স্ট্রাইকার। সেখানে বসেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন ২০০৯ সালে ম্যানইউ থেকে ম্যান সিটিতে আসা তেভেজ, ‘আমি গভীর দুঃখের সঙ্গে ম্যানচেস্টার সিটিকে ক্লাব ছাড়ার কথা জানিয়েছি।’ ম্যানচেস্টার সিটির প্রতি ভালোবাসার কথাও প্রকাশ পেয়েছে তাঁর কথায়, ‘এই ক্লাব, এর সমর্থক ও মালিক শ্রদ্ধেয় শেখ মনসুর—সবার জন্যই আমার গভীর শ্রদ্ধাবোধ আছে।’এরপরই ব্যাখ্যা করেছেন ক্লাব ছাড়ার মূল কারণটি, ‘বাচ্চাদের ছাড়া ম্যানচেস্টারে বাস করা আমার জন্য খুবই কষ্টকর ছিল। আমি যা-ই করি, সেটা দুই মেয়ে কেটি ও ফ্লোরেনসিয়ার জন্য। কাছাকাছি থেকে ওদের আরও বেশি সময় দিতে চাই।’গত মৌসুমে ম্যান সিটি লিগে তৃতীয় হয়েছে তেভেজের অধিনায়কত্বেই। প্রথমবারের মতো সুযোগ পেয়েছে চ্যাম্পিয়নস লিগে। এ ছাড়া গত দুই মৌসুমে ৮৬ ম্যাচে তেভেজ গোল করেছেন ৫৩টি। এমন ‘সোনার ডিম পাড়া হাঁস’কে ম্যান সিটি ছাড়তে চাইবে না এটাই স্বাভাবিক। ক্লাবটি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, এই আর্জেন্টাইনকে পেতে হলে ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে। তেভেজের জন্য ভয়ের কারণ এটিই। দাম শুনেই কিনা কে জানে, এখন পর্যন্ত কোনো ক্লাবই তাঁর জন্য আগ্রহ দেখায়নি। এএফপি, রয়টার্স।