সিদ্ধান্তের অপেক্ষায় জাহিদরা
দুই ক্লাব থেকে টাকা নেওয়ার অভিযোগে কাল জাহিদ হোসেন, মামুন মিয়া, শাকিল আহমেদ, নাহিদুল ইসলাম, শরীফুল ইসলামকে মুখোমুখি হতে হয়েছে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায়। মোহামেডানের কর্মকর্তা আমিরুল ইসলামকেও ডেকেছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার সভার পরও কোনো সিদ্ধান্ত হয়নি। খেলোয়াড়দের কোনো শাস্তি দেওয়া হবে কি না, সেটা আজ বা আগামীকালের সভা শেষে জানা যাবে। খেলোয়াড়েরা যে মোহামেডান ক্লাব থেকে টাকা নিয়েছেন, সেটা কাল কমিটির সামনে স্বীকার করেছেন। কমিটির সদস্য আবু নাঈম সোহাগ বললেন, ‘মোহামেডানের পক্ষ থেকে যে পাঁচজনের বিষয়ে অভিযোগ পেয়েছিলাম, তাদের বক্তব্য আমরা শুনেছি এবং একই সঙ্গে মোহামেডান তাদের পক্ষে যে কাগজপত্র দাখিল করেছে, সেটাও পর্যালোচনা করা হয়েছে। এরপর আমরা শেখ রাসেল ও আবাহনীর বক্তব্যও নেব। এর পরই নেব চূড়ান্ত সিদ্ধান্ত।’ কাল খেলোয়াড় ও কর্মকর্তাদের মুখোমুখি করার পর বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্যও পেয়েছে কমিটি। এসব নিয়েও পরের সভায় পর্যালোচনা করা হবে। সভা শেষে জাহিদ হোসেন বললেন, ‘আমরা মোহামেডানের সঙ্গে যোগাযোগ করেছিলাম চুক্তির বাকি টাকা পেতে। কিন্তু সেই টাকা আমরা পাইনি।’ একই কথা শাকিল আহমেদেরও, ‘আমাদের রুটি-রুজিই হচ্ছে দলবদল। আমরা যদি টাকার নিশ্চয়তাই না পাই, তাহলে তো অন্য দলে যাবই।’