সিনসিনাটি ওপেনে ব্যর্থ মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরারকে হারিয়ে কদিন আগেই জিতলেন অলিম্পিক সোনা। অবিস্মরণীয় সাফল্যের এই রেশটা কাটতে না-কাটতেই হোঁচট খেলেন অ্যান্ডি মারে। পরশু সিনসিনাটি ওপেনের তৃতীয় রাউন্ডে ফরাসি জার্মি চার্ডির কাছে হেরেছেন ৬-৪, ৬-৪ গেমে। তবে মারে হারলেও জিতেছেন রজার ফেদেরার। ৬২ মিনিটে উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী তরুণ বার্নার্ড টমিচকে ৬-২, ৬-৪ গেমে। আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে ইউএস ওপেন। বছরের শেষ গ্র্যান্ড স্লামের প্রস্তুতিটা তাই মনের মতো হলো না অ্যান্ডি মারের। নিজের সার্ভিস নিয়েই অসন্তুষ্ট ছিলেন এই স্কটিশ, ‘আমি আসলেই ভালো সার্ভ করিনি। দ্বিতীয় সেটে তিনবার সার্ভিস ব্রেক করেছি যা যথেষ্ট ছিল না। প্রথম ও দ্বিতীয় সেটে ওর সার্ভিসের সময় লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হচ্ছিল। তবে আমি সুযোগ যথেষ্ট কাজে লাগাতে পারিনি।’ এই হার ইউএস ওপেনের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে? মারে এটা নিয়ে মোটেই চিন্তিত নন, ‘আপাতত আমি আর কোনো ম্যাচ খেলতে চাই না। বড় টুর্নামেন্টে খেলার আগে কখনো কখনো কোনো প্রস্তুতিমূলক টুর্নামেন্ট জিতেছি। তবে সেটা খুব বেশি যে সাহায্য করে তা অবশ্য নয়। যেমন এই বছরই আমি উইম্বলডনে খেলার আগে কুইনসে প্রথম রাউন্ডে হেরেছিলাম এবং শেষ পর্যন্ত উইম্বলডনে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিলাম।’পুরুষ এককে অলিম্পিকের সোনাজয়ী মারে না পারলেও মহিলা এককের সোনাজয়ী সেরেনা উইলিয়ামস উঠে গেছেন শেষ আটে। পরশু তৃতীয় রাউন্ডে হারিয়েছেন পোল্যান্ডের উরসুলা রাদওয়ানস্কাকে। ৭০ মিনিটে ম্যাচ জিতেছেন ৬-৩, ৬-০ গেমে। এএফপি।