সিনিয়রদের বিশ্রাম প্রাপ্য ছিল: রায়না
ইনজুরি আর বিশ্রাম। সিনিয়র ক্রিকেটারদের কেউ পড়েছেন ইনজুরিতে, আইপিএল শেষে কেউ বা আছেন বিশ্রামে। শচীন টেন্ডুলকারের কথাই ধরুন, নিজ থেকে বোর্ডের কাছে আবেদন জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে না রাখার জন্য। বোর্ড সেই আবেদন মঞ্জুরও করেছে।সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে, বিশেষ করে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত প্রশ্ন, কোনটা বড়—দেশ নাকি আইপিএল? ধোনির অনুপস্থিতিতে ক্যারিবীয় সফরে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া সুরেশ রায়না এই বিতর্কে না গিয়ে বলছেন, ‘সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম প্রাপ্য ছিল। আমরা তারুণ্য-নির্ভর একটা দল পেয়েছি। তরুণেরা দেশের হয়ে ভালো করতে চায়। সামনের সপ্তাহগুলোয় ওরা কেমন করে, এটা দেখার অপেক্ষায় আছি আমি।’নতুন নেতৃত্ব পেয়েছেন। দলে নেই শচীন, ধোনি, যুবরাজ, শেবাগ, গম্ভীর, জহির খানের মতো ক্রিকেটার। কাল শনিবার মাঠে গড়াবে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। ক্যারিবীয় বাউন্সি পিচে ‘তরুণ’ ভারতীয় দলের জন্য পর্বতসম চ্যালেঞ্জ অপেক্ষা করছে সন্দেহ নেই। তবে এই চ্যালেঞ্জে রায়নার প্রেরণা দলীয় শক্তি, ‘দলে ভালো খেলোয়াড় আছে, যারা ভালো করতে চায়। ওরা প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করেছে। কেউ ভালো করেছে আইপিএল অথবা বিশ্বকাপে।’ ওয়েবসাইট।