সিনিয়রদের ‘আগলে’ রাখছেন রায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। তবে ধোনি-যুবরাজ-জহিররা যেন না থেকেও আছেন। ত্রিনিদাদে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে আজ শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কিন্তু অধিনায়ক সুরেশ রায়নাকে এই ম্যাচের চেয়ে বেশি কথা বলতে হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে। রায়না অবশ্য সিনিয়রদের ‘আগলে’ রেখেছেন, বলছেন বিশ্রামটা তাঁদের প্রাপ্য।ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গৌতম গম্ভীরের। কিন্তু গম্ভীরের চোটে দায়িত্বটা পেয়ে গেছেন রায়না। সিনিয়রদের অনুপস্থিতিকে ভারপ্রাপ্ত অধিনায়ক বলছেন তরুণদের জন্য সুযোগ, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড সিনিয়দের বিশ্রাম দিয়ে খুব ভালো কাজ করেছে এবং এই সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। দীর্ঘদিন ধরে তাঁরা ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে, বিশ্রামটা তাঁদের প্রাপ্যই ছিল। এই সুযোগে অনেক তরুণ ক্রিকেটার দলে সুযোগ পেয়েছে এবং ওরা ভালো করার জন্য উন্মুখ। আগামী কয়েক সপ্তাহে ওদের পারফরম্যান্স দেখার জন্য আমি আগ্রহভরে তাকিয়ে আছি।’নেতৃত্ব রায়নার কাছে নতুন নয়। সিনিয়রদের অনুপস্থিতিতে গত বছর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। অভিজ্ঞতা অবশ্য ভালো নয়। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের একটি আর জিম্বাবুয়ের কাছে দুটি ম্যাচই হেরে ভারত ফাইনালেই উঠতে পারেনি। ৪ ম্যাচে ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ ছিল ৩৭। এবার প্রতিপক্ষ দুর্বল হলেও তাই সিরিজটা রায়নার জন্য একটা চ্যালেঞ্জ।আইপিএল, বিগ ব্যাশ কিংবা ইংলিশ টি-টোয়েন্টি কাপে রীতিমতো ‘হটকেক’ গেইল-পোলার্ড-ডোয়াইন ব্রাভোরা। কিন্তু তিনজনের কেউই ওয়েস্ট ইন্ডিজ দলে নেই। সদ্য সমাপ্ত আইপিএলের সেরা খেলোয়াড় গেইল নেই বোর্ডের সঙ্গে ঝামেলায়। আর পোলার্ড-ব্রাভো নেই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বেশির ভাগ ম্যাচই না খেলায়, ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচনে যেটা অন্যতম শর্ত। বেশ কজন আনকোরা তরুণকে নিয়ে দল সাজানো উইন্ডিজের জন্য প্রেরণা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ড। আজকের ম্যাচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ২০০তম ম্যাচ। কিন্তু এই দুই দল মুখোমুখি হয়েছে মাত্র দুবার। দুটি ম্যাচেই জিতেছে উইন্ডিজ। তবে দুই দলের যা সাম্প্রতিক পারফরম্যান্স, খর্বশক্তির ভারতকে হারাতে হলেও আজ অসাধারণ কিছু করতে হবে ড্যারেন স্যামিদের। ওয়েবসাইট।