সিপিএলে না খেলেই ফিরতে হচ্ছে সাকিবকে
বিসিবির কাছ থেকে ছুটি পাওয়ার মৌখিক আশ্বাস পেয়েছিলেন, সঙ্গে পাওয়ার কথা ছিল সিপিএলে খেলার অনাপিত্তপত্রও। কিন্তু শেষ পর্যন্ত এর কিছুই পেলেন না সাকিব আল হাসান! সে কারণে যাওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজেও। কাল ইংল্যান্ড থেকে দেশে ফিরে সম্ভবত পরশুই তিনি যোগ দেবেন জাতীয় দলের অনুশীলনে।
সিপিএলে খেলার জন্য গত পরশু বাংলাদেশ বিমানের সকাল সাড়ে ১০টার ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ছাড়েন সাকিব। কথা ছিল লন্ডনে কয়েক দিনের যাত্রাবিরতি দিয়ে বার্বাডোজে যাবেন। কিন্তু লন্ডনের বিমানে ওঠার আগেই সাকিব জানতে পারেন, জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পুরো সময়ের জন্য তাঁকে ছাড়তে নারাজ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচ চাইছিলেন, সাকিব ৩১ জুলাই পর্যন্ত সিপিএলে খেলে দেশে ফিরে অনুশীলনে যোগ দিক।
বিমানে ওঠার আগে নাকি এ নিয়ে কোচের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে সাকিবের। কোচের ইচ্ছা অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত সিপিএলে খেলে দেশে ফিরতে রাজিও ছিলেন সাকিব। কিন্তু লন্ডন পৌঁছার পর কাল বোর্ডের পক্ষ থেকে সাকিব জানতে পারেন, তাঁকে অনাপত্তিপত্র দেওয়া হবে না।এ ব্যাপারে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি শুধু বলেছেন, ‘সাকিবকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে।’