সিবিএফ চায় স্কলারি থাকুন

সময় বড় অদ্ভুত। এই সময় মানুষকে কখনো খুব প্রিয় আবার কখনো খুব নিষ্ঠুর কিছু মুহূর্ত উপহার দেয়। লুইস ফেলিপে স্কলারি সময়ের দুটি রূপই দেখলেন। তাঁরই তত্ত্বাবধানে ২০০২ বিশ্বকাপে জার্মানিকে কাঁদিয়ে শিরোপা হাতে তুলেছিল ব্রাজিল। এক যুগ পর ঘরের মাঠে সেই জার্মানরাই ব্রাজিলকে দিয়েছে বিশাল এক লজ্জা। সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে হেরে সময়ের নিঠুর চেহারাটাই দেখা হয়ে গেছে স্কলারিসহ ব্রাজিলের। ব্যাপারটা হয়তো ‘বিগ ফিল’কে তাড়িয়ে বেড়াবে জীবনের বাকিটা সময়ই। যেকোনো দলেরই এমন ত্রাহি দশায় সবার আগে খড়গ নেমে আসে কোচের ওপরই। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অবশ্য স্কলারিকে এখনই সরিয়ে দেওয়ার পক্ষে নয়।
আগামী বছরের এপ্রিলে সিবিএফ সভাপতির দায়িত্ব নেবেন মার্কো পোলো দেল নেরো। অতি সম্প্রতি এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে বললেন, ‘আমি চাই স্কলারি থেকে যান।’ জার্মানদের কাছে নাস্তানাবুদ প্রসঙ্গে ভাবী সভাপতির যুক্তি, ‘যা হওয়ার হয়ে গেছে। ওটা ছিল কৌশলের ভুল। ভুল আমরা সবাই করেছি, সবাই-ই করি। এটি যে কারও ক্ষেত্রে ঘটতে পারে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সে অসাধারণ কাজ করেছে। অনুশীলন ও প্রস্তুতি সবই ভালো ছিল।’
একটি ম্যাচে ‘জঘন্য’ পরাজয় দিয়ে স্কলারির গোটা ক্যারিয়ার বিচার করা যাবে না। প্রবীণ এই কোচের ক্যারিয়ারে ব্যর্থতার চেয়ে ভারী সাফল্যের পাল্লাই। ২০০২ বিশ্বকাপ জয়ী এ কোচ ২০০৬ বিশ্বকাপে পর্তুগালকে তুলেছিলেন সেমিফাইনালে। ব্রাজিল দলের যখন দুর্দশা, তখন আবারও দায়িত্ব বর্তায় ‘বিগ ফিলে’র ওপর। ২০১২-এর নভেম্বরে সেলেসাওদের দায়িত্ব নিয়ে গত বছর জিতিয়েছিলেন কনফেডারেশন কাপ। গত দুই বছরে ২৮ ম্যাচের মধ্যে কেবল তিনটি ম্যাচেই হেরেছেন স্কলারি।
এখন প্রশ্ন হলো, স্কলারি কী ভাবছেন নিজের ভবিষ্যত্ নিয়ে? বললেন, ‘আমি আমার প্রতিবেদন জমা দেব। এরপর সভাপতি এবং কনফেডারেশন নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। দেখা যাক কী হয়। তারাই বিচার করবে আমার কাজ, আমার দায়িত্বের বিভিন্ন দিক।’ রয়টার্স।