সিমন্সের ‘স্পেশাল’ ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট একটা লাফ দিলেন, ব্যাটটাও তুললেন। মারলন স্যামুয়েলসের সঙ্গে হ্যান্ডশেকও হলো। মিরপুরের দর্শকদের কাছ থেকে হাততালিও কম পেলেন না। কিন্তু লেন্ডল সিমন্সের উদ্যাপনে ঠিক যেন প্রাণ নেই। অনেক সমালোচনার জবাব যে ইনিংস, দীর্ঘ প্রতীক্ষার অবসান যে সেঞ্চুরিতে, সেটার উদ্যাপন আরেকটু প্রাণবন্ত হতে পারত, হতে পারত আরেকটু আবেগময়।পরে বোঝা গেল, সিমন্সের আবেগ প্রকাশের ধরনটাই এমন! ‘আমার জন্য এই ইনিংসটা খুবই স্পেশাল, ভারত-পাকিস্তান সিরিজে অনেকবার ভালো শুরু করেও সেঞ্চুরি পর্যন্ত যেতে পারিনি। আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটা, সেঞ্চুরিটা উৎসর্গ করছি আমার মা ও মেয়েকে’—স্মরণীয় মুহূর্ত, মা-মেয়ে—আবেগময় সব ব্যাপার, কিন্তু এমন নিস্পৃহ কণ্ঠে বললেন যে এর চেয়ে নিরাবেগ আর কিছু নেই!তবে উদ্যাপন যেমনই হোক আর কণ্ঠ যেমনই থাকুক, কালকের ইনিংসটাকে সিমন্স কখনোই ভুলবেন না নিশ্চিত। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ব্যাট করেছেন, এটা অবশ্যই একটা কারণ। তবে সবচেয়ে বড় কারণ ওই তিন অঙ্কের রান—১২২। দারুণ কিছু শট খেলবেন, উইকেটে থিতু হবেন, যখনই মনে হবে বড় কিছু আসছে, তখনই উইকেট ছুড়ে আসবেন—কালকের আগ পর্যন্ত এই ছিলেন সিমন্স।শুরুতে সবাই তাঁকে চিনত সাবেক অলরাউন্ডার ফিল সিমন্সের ভাতিজা হিসেবেই। তবে নিজের প্রতিভা চেনাতে সময় লাগেনি। কিন্তু থিতু হয়েও উইকেট ছুড়ে আসার রোগটা ছাড়ছিলই না। সাতটি টেস্ট খেলে ফেলেছেন, ১৪ ইনিংসের ৯টিতেই দুই অঙ্ক ছুঁয়েছেন, কিন্তু সর্বোচ্চ মাত্র ৪৯! টি-টোয়েন্টিতে সেঞ্চুরিটা কঠিন বলে এটাকে না হয় হিসেবের বাইরে রাখা গেল। হতাশাটা সবচেয়ে বেশি ছিল ওয়ানডেতেই। ক্যারিয়ারের প্রথম ১৯ ম্যাচে ফিফটি ছিল মাত্র দুটি। কালকের আগে সর্বশেষ ৯ ইনিংসে ৬ ফিফটি, বাকি তিন ইনিংসের একটিতে ৪৫। কিন্তু সর্বোচ্চ ৭৭! কালকের ইনিংসটি তাই তাঁর কাছে যতটা আনন্দের, তার চেয়েও অনেক বেশি স্বস্তির। চাচা ফিল সিমন্সই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা, জানালেন যোগাযোগ হয় নিয়মিত, ‘আমাদের সম্পর্কটা দারুণ। আমি নিশ্চিত ফোন করে তিনি আমাকে অভিনন্দন জানাবেন।’ এই ইনিংসটাকে পাথেয় করেই এবার এগিয়ে যেতে চান, ‘আমি এখন দলের সিনিয়র ক্রিকেটারদের একজন, দায়িত্ব নিয়ে খেলতেই হবে। ত্রিনিদাদ ও টোব্যাগো দলে আমার জুনিয়র বারাথের সঙ্গে আমি এখন ওপেনিং করছি। একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি আমরা, আশা করি আমাদের উদ্বোধনী জুটিটা অনেক দূর যাবে।’অনেক দূর যাওয়ার স্বপ্ন এখন দেখতেই পারেন। মানসিক বাধাটা তো দূর হলো, বড় ইনিংস তাই এখন নিয়মিতই উপহার দিতে পারেন সিমন্স!