সিয়াটের বর্ষসেরা সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়াট বর্ষসেরা ট্রফি হাতে
সিয়াট বর্ষসেরা ট্রফি হাতে

পরশুর ফাইনাল ​েশষে বেঙ্গালুরুতেই শিরোপা জয়ের উৎসব হয়েছে রাতভর৷ কাল সকালে উড়াল দিয়েছেন মুম্বাইয়ে৷ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ দ্বিগুণ হয়েছে সেখানে ব্যক্তিগত এক প্রাপ্তিতে৷ সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার মিচেল জনসন, ওয়ানডের বর্ষসেরা শিখর ধাওয়ান৷ বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি৷ আন্তর্জাতিক একটি স্বীকৃতি পেয়ে সাকিবের প্রতিক্রিয়া, ‘দারুণ রোমাঞ্চিত আমি, খুবই ভালো লাগছে৷’
এমনিতে আবেগ প্রকাশে সংযত সাকিব পরশু রাতেও যথেষ্টই ভেসেছেন আবেগের জোয়ারে৷ আইপিএল শিরোপা জয়ের পর ছিলেন উচ্ছ্বসিত, ‘তিন বছরে দুবার চ্যাম্পিয়ন, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না৷’ চাইলে অবশ্য সাকিব বলতে পারতেন, দুই বছরে দুবার চ্যাম্পিয়ন৷ মজা করে বলতে পারতেন, ‘আমি আছি বলেই না কেকেআর চ্যাম্পিয়ন!’ ২০১২ আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় অবদান ছিল সাকিবের৷ চোটের কারণে গত আইপিএল খেলতে পারেননি, কেকেআর হয়েছিল সপ্তম৷ এবার তো পারফরম্যান্সে সাকিব ছাড়িয়ে গেছেন আইপিএলে তাঁর আগের দুই মৌসুমকে৷ শাহরুখ খান কী আর এমনি এমনি টুইট করেছিলেন, ‘সাকিব, তোমাকে আমি পিঠে তুলে ঘুরতে চাই!’
বল হাতে আইপিএলে বরাবরই সফল সাকিব৷ উইকেট-সংখ্যা হয়তো দারুণ কিছু নয়৷ তবে ঘুমিয়েও স্পিন খেলতে পারেন যে দেশের ব্যাটসম্যানরা, সেই ভারতের ব্যাটিং-সহায়ক উইকেট আর ছোট্ট মাঠে ব্যাটসম্যানদের বেঁধে রাখার কাজটা নিয়মিতই করেছেন৷ ব্যতিক্রম হয়নি এবারও৷ সঙ্গে যোগ হয়েছে ব্যাটিং৷ নিজের ব্যাটিং-সামর্থে্যর কিছুটা অন্তত এবার দেখাতে পেরেছেন৷ দলও এবার হয়তো কিছুটা অনুভব করেছে সাকিবের অলরাউন্ডার সত্তা৷ প্রথম মৌসুমে সাকিবকে কেকেআর খেলিয়েছে লোয়ার অর্ডারে, সাত ম্যাচে ব্যাটিং করারই সুযোগ পেয়েছিলেন মাত্র তিনবার! পরের মৌসুমেও ৭ ইনিংসে ব্যাটিং অর্ডারে ছিল ওঠানামা৷ এবার মিডল অর্ডারে নিয়মিত সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন৷ পেয়েছেন প্রথম আইপিএল ফিফটি৷ অলরাউন্ড পারফরম্যান্সে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর তালিকায় ছিলেন ছয়ে৷ সফল আইপিএল অভিযান শেষে দেশে ফিরতে পারেন কাল-পরশু৷
আইপিএলে সাকিবের তিন মৌসুম

        ম্যাচ   রান  সর্বোচ্চ    গড়     উইকেট   সেরা  ইকো.

২০১১     ৭       ২৯        ২৬        ১৪.৫০         ১১        ৩/২৮     ৬.৮৬

২০১২     ৮       ৯১        ৪২        ১৫.১৬         ১২        ৩/১৭     ৬.৫০

২০১৪    ১৩            ২২৭       ৬০           ৩২.৪২       ১১           ২/২২         ৬.৬৮