সিরি ‘আ’তে এবার তারকা-বরণও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল!ইতালির একটা মৌসুম শেষ হবে আর দল বেঁধে তারকা ফুটবলাররা পাড়ি জমাবেন অন্য লিগে, অন্য দেশে। গত মৌসুমে গেলেন জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা আর এজেকুয়েল লাভেজ্জি। এর আগের মৌসুম শেষে অ্যালেক্সিস সানচেজ, স্যামুয়েল ইতো আর হাভিয়ের পাস্তোরে।গত জুলাইয়ে এডিনসন কাভানি নাপোলি ছাড়ার পর মনে হচ্ছিল এবারও তা-ই হতে যাচ্ছে। কাভানির পথ ধরেছেন আরও অনেকেই। কিন্তু এবার সিরি ‘আ’ শুধু তারকা ফুটবলারদের বিদায় দিয়েই বসে থাকেনি, স্বাগত জানিয়েছে নামীদামি কয়েকজনকে। কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন ও মারিও গোমেজদের মতো তারকারা ইউরোপের অন্য লিগ ছেড়ে ঠিকানা খুঁজে নিয়েছেন ইতালিতে। আগের মৌসুমগুলোর মতো বিদায় রাগিণী নয়, আজ শুরু হতে যাওয়া ইতালিয়ান লিগে তাই বাজছে ‘তারকা-বরণে’র সুরও।একটা কারণ হতে পারে সামনের বছর বিশ্বকাপ। ফলে বড় ক্লাবে থেকে বেঞ্চে বসে দিন কাটানোর চেয়ে অন্য কোথাও গিয়ে নিয়মিত খেলাটাকেই প্রাধান্য দিয়েছেন সবাই। করিম বেনজেমা ছিলেন বলে হিগুয়েইন রিয়াল মাদ্রিদে অনিয়মিত, একই কথা প্রযোজ্য সাবেক ম্যানচেস্টার সিটি তারকা তেভেজ কিংবা বায়ার্ন মিউনিখ থেকে ফিওরেন্টিনায় যাওয়া মারিও গোমেজের বেলায়। নিয়মিত যদি না-ই খেলতে পারেন বিশ্বকাপের দলে ডাক পাবেন কী করে? তারকাদের আসা-যাওয়ার এই ব্যাপারটুকু বাদ দিলে ইতালিয়ান লিগের মূল ধরন অবশ্য আগের মতোই থাকবে বলে ধারণা করা যায়। ইউরোপের বড় লিগগুলোর মধ্যে সম্ভবত সিরি ‘আ’-তেই সবচেয়ে রক্ষণাত্মক ফুটবল খেলা হয়। সেখানেও দুই মিলান আর জুভেন্টাসের দীর্ঘদিনের দাপট স্পষ্ট। এই তিন ক্লাবের বাইরে শেষবার সিরি ‘আ’ জিতেছিল রোমা, ২০০০-০১ মৌসুমে। ফার্নান্দো লরেন্তে ও কার্লোস তেভেজকে নিয়ে গড়া জুভেন্টাসের এবারের লড়াই হ্যাটট্রিক শিরোপার। সেই ত্রিশের দশকের পর আর কখনো টানা তিনবার শিরোপা জিততে পারেনি জুভেন্টাস। এই অভিযানে আজ প্রথম ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ সাম্পদোরিয়া। প্রথম দিনই মাঠে নামছে মারিও বালোতেল্লি আর কেভিন প্রিন্স বোয়াটেংদের এসি মিলানও, প্রতিপক্ষ হেল্লাস ভেরোনা। গত মৌসুমে তৃতীয় হওয়া মিলান ঐতিহ্যের কারণেই এবারও শিরোপার দাবিদার। নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের সময়টা ভালো যাচ্ছে না ইদানীং। গত মৌসুমে তারা লিগ শেষ করেছে ৯ নম্বরে থেকে। তবে লম্বা চোট থেকে ডিয়েগো মিলিতোর ফেরা আর সঙ্গে রড্রিগো প্যালাসিও ও মাওরো ইকারদিকে নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ইন্টার।তিন পরাশক্তি ছাড়া শিরোপার লড়াইয়ে থাকবে গত মৌসুমের রানার্সআপ নাপোলিও। গত মৌসুমে দলের সেরা খেলোয়াড় কাভানি নেই এবার, কিন্তু সেই অভাব পূরণ করতে উপস্থিত হিগুয়েইন। ফিওরেন্টিনা গতবার মৌসুম শেষ করেছিল চার নম্বরে থেকে। তবে বায়ার্ন মিউনিখ থেকে আসা মারিও গোমেজ যদি জ্বলে ওঠেন এবার, তার চেয়ে বেশি কিছু আশা করতেই পারে ফ্লোরেন্সের ক্লাবটি। এএফপি। সিরি ‘আ’ শিরোপাজয়ীরাজুভেন্টাস-২৯, এসি মিলান-১৮, ইন্টার মিলান-১৮, জেনোয়া-৯, তুরিনো-৭, বোলোনিয়া-৭, ভারসেল্লি-৭, রোমা-৩, লাৎসিও-২, ফিওরেন্টিনা-২, নাপোলি-২, ক্যালিয়ারি-১, ক্যাসালে-১, নোভেসি-১, সাম্পদোরিয়া-১, ভেরোনা-১