শীতকালীন বিরতি শেষে ইতালিয়ান সিরি ‘আ’ নতুন বছরে প্রথম মাঠে গড়াচ্ছে আজ। প্রথম দিনেই সিরি ‘আ’র দর্শকেরা মৌসুমের সবচেয়ে বড় ম্যাচের সাক্ষী হচ্ছে। জুভেন্টাসের মুখোমুখি রোমা।
১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে রোমা। প্রধান দুই শিরোপাপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা উত্তাপ ছড়াতে বাধ্য। মার্সেলো লিপ্পির ভয়, ম্যাচটা বিরক্তিকর সিরি ‘আ’কে আরও বিরক্তিকর না করে তোলে! শিরোপা লড়াইটা শেষ হয়ে যেতে পারে আজই! এএফপি, ওয়েবসাইট।
ম্যাচের হিসাবে লিগের এখনো অর্ধেক বাকি। বাকি আরও ১৯টি করে ম্যাচ। তার পরও ইতালির বিশ্বকাপজয়ী কোচের শঙ্কাটা মোটেই অমূলক নয়। গত দুই মৌসুমেই শিরোপা জিতেছে জুভেন্টাস। গত মৌসুমে তো আন্তোনিও কন্তের দল জিতেছে হেসেখেলেই। ইতালিয়ান ফুটবলে জুভেন্টাসের রাজত্ব স্পষ্ট। সেই জুভেন্টাস প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার অর্থ তো শিরোপা লড়াই কার্যত শেষ!
তাই বলে লিপ্পি তাঁর সাবেক দলের হার কামনা করবেন? বর্তমানে চীনের গুয়াংজু এভারগ্রান্ডের কোচ লিপ্পি দুই মেয়াদে জুভেন্টাসকে ৯ বছর কোচিং করিয়ে পাঁচবার লিগ জিতিয়েছেন। ইতালিতে জুভদের আধিপত্য কতটা সেটা তাঁর ভালোই জানা। অভিজ্ঞতা থেকেই লিপ্পি বলছেন, ‘চ্যাম্পিয়নশিপে রোমা অবিশ্বাস্য খেলছে। কিন্তু তারা যদি রোমাঞ্চটা বাঁচিয়ে রাখতে চায়, তুরিনে তাদের হারা চলবে না। যদি রোববার জুভেন্টাস জিতে, লিগটা হয়ে যাবে বিরক্তিকর।’
১৭ ম্যাচে জুভেন্টাস খুইয়েছে মাত্র ৫ পয়েন্ট। রোমা তাদের চেয়ে বেশি পয়েন্ট খোয়ালেও লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল রোমা। অধিনায়ক ফ্রান্সেসকো টট্টি বলছেন, জুভেন্টাসকে ভয় করার কোনো কারণ নেই, ‘আমরা ড্র করতে চাই না, জিততে চাই। ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে, একের সঙ্গে এক বিবেচনায় আমরা জুভেন্টাসের চেয়ে ভালো। কিন্তু দল হিসেবে তারা ভালো।’
কিন্তু টট্টিদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, নিজেদের স্টেডিয়ামে জুভেন্টাস লিগে সর্বশেষ হেরেছিল ঠিক এক বছর আগে, ২০১৩ সালের ৬ জানুয়ারি সাম্পদোরিয়ার কাছে।