সিরিজ জমিয়ে তুলল ভারত
থার্ড আম্পায়ারের আউটের নির্দেশ ভেসে ওঠার পর সমস্বরে বিজয়ানন্দে চিৎকার করে উঠল ভারতীয় দল। আলাদা করে চোখে পড়ল শচীন টেন্ডুলকারকেই। ম্যাচে তেমন কিছুই করেননি। তার পরও স্মৃতিস্মারক হিসেবে তুলে নিলেন একটা স্টাম্প। টেন্ডুলকারের মন থেকে কি একটা পাষাণভারও নেমে গেল?১৯৯৬ সালে এমনই একটা বক্সিং ডে টেস্ট ছিল অধিনায়ক টেন্ডুলকারের দেশের বাইরে প্রথম ম্যাচ। যে টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৬ রানে গুটিয়ে গিয়ে ভারত হেরেছিল ৩২৮ রানের বিশাল ব্যবধানে। এত স্মৃতির ভিড়ে ১৪ বছর আগের ম্যাচটি কথা টেন্ডুলকার ভোলেননি বলেই মনে হলো কাল তাঁর আবেগ-উচ্ছ্বাস দেখে। অন্যদের উচ্ছ্বাসের কারণটি অবশ্য অনুমেয়ই। দক্ষিণ আফ্রিকায় মাত্র দ্বিতীয় টেস্ট জয়ের আনন্দ তো আছেই, ৮৭ রানের এই জয় যে সমতাও ফেরাল সিরিজে।চতুর্থ দিনের শুরুটা দুই দলই করেছিল সমান সমান অবস্থানে থেকে। কিন্তু খেলার গতিপথটাই যেন পাল্টে গেল দিনের সপ্তম ওভারের দ্বিতীয় বলে। শ্রীশান্তের আকস্মিক ফুঁসে ওঠা বাউন্সার সামলানোর বিদ্যা জানা ছিল না প্রায় আড়াই শ টেস্ট ইনিংসে ব্যাট করার অভিজ্ঞতাসম্পন্ন জ্যাক ক্যালিসেরও। গ্লাভস ছুঁয়ে বল জমা পড়ল বীরেন্দর শেবাগের হাতে। ১২৩ রানে চতুর্থ উইকেটের পতন। লক্ষ্য থেকে দক্ষিণ আফ্রিকা তখনো ১৮০ রান দূরত্বে।এর পর আর কখনোই মনে হয়নি ম্যাচটা দক্ষিণ আফ্রিকা জিততে পারে। চতুর্থ দিনের উইকেটের সব সুবিধাই ভারতীয় বোলাররা তুলেছেন নিয়ন্ত্রিত বোলিং করে। এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্দান্ত ফিল্ডিং। দলীয় ১৩৬ রানে এবি ডি ভিলিয়ার্স হরভজন সিংয়ের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার পর জয়ের প্রহরই শুধু গুনেছে ভারত।আগের দিন উইকেট-শূন্য জহির খানের জ্বলে ওঠা এর পরই। মার্ক বাউচার, ডেল স্টেইন, পল হ্যারিস—পরের তিন ব্যাটসম্যানই তাঁর শিকার। মরনে মরকেলকে নিয়ে নবম উইকেটে ৩৩ রানে সাময়িক একটা প্রতিরোধ গড়েছিলেন অ্যাশওয়েল প্রিন্স। কিন্তু ৩ বলের ব্যবধানে মরকেল আর তোতসোবে বিদায় নিলে ২১৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। র্যাঙ্কিংয়ের এক-দুইয়ের লড়াইটা তাই যাবতীয় উত্তেজনার রসদ নিয়ে এখন মীমাংসার অপেক্ষা নিয়ে গেল সিরিজের শেষ ম্যাচে। ইনিংস হার দিয়ে সিরিজ শুরু করার পর এভাবে ঘুরে দাঁড়ানো নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাসই দেবে ভারতকে। ২ জানুয়ারি শুরু কেপটাউন টেস্টে তাই জমজমাট লড়াই আশা করছেন খোদ গ্রায়েম স্মিথ। ডারবান টেস্ট যে দিয়ে গেল সেই বার্তা।কাল ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বললেন, ‘দারুণ একটা ম্যাচ হলো। ব্যাট-বলের লড়াইটা ছিল উপভোগ্য। আমরাও দারুণ লড়াই করেছি। কিন্তু শেষ কামড়টা বসাতে পারিনি।’বোলারদের দাপটের এই ম্যাচে সেরা কিন্তু হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ম্যাচের একমাত্র ফিফটিটি এসেছে তাঁর ব্যাট থেকেই। লক্ষ্মণও শোনালেন শেষ টেস্টে দারুণ এক ম্যাচের আশাবাদ। সূত্র: টেন ক্রিকেট।