সিরিজ জয়ের ম্যাচ, নাকি সমতার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙুলের ডগায় নাচছে ফুটবল, নাকি ‘গ্লোব!’ টেস্টে বিশ্ব রেকর্ডের নায়ক সোহাগ গাজীর বিশ্ব নাচানো দেখছিলেন হ্যাটট্রিক-নায়ক রুবেল হোসেন ষ ছবি: শামসুল হক
আঙুলের ডগায় নাচছে ফুটবল, নাকি ‘গ্লোব!’ টেস্টে বিশ্ব রেকর্ডের নায়ক সোহাগ গাজীর বিশ্ব নাচানো দেখছিলেন হ্যাটট্রিক-নায়ক রুবেল হোসেন ষ ছবি: শামসুল হক

রস টেলরকে হোটেল লবিতে পাওয়া গেল তোয়ালে পরা অবস্থায়। সুইমিং করে রুমে যাবেন। তার আগে লিফটের কাছে দাঁড়িয়ে কার সঙ্গে যেন হাসতে হাসতে কথা বলছিলেন। একটু দূরে একটা ব্যাট হাতে নাড়াচাড়া করছিলেন টিম সাউদি। আজ সম্ভবত বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও কিছু দিতে চাইবেন দলকে।
অনুশীলনে গেলেন না কেউ। হোটেলে জিম-সুইমিং, হোটেলের উল্টো দিকের কফিশপে গিয়ে কফি খাওয়া—এর বেশি নড়াচড়া কাল করলই না নিউজিল্যান্ড দল। তাদের নির্ভার দেখে সন্দেহ জাগল, আগের দিন নিউজিল্যান্ডই জেতেনি তো ম্যাচটা?
না, জিতেছে বাংলাদেশ এবং তারা জিততে চায় আজও। আরেকটি ‘বাংলাওয়াশ’-এর চিন্তা আপাতত মাথায় না এনে আজ দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সারতে চায় মুশফিকুর রহিমের দল। শুধু মুখের কথায় নয়, ইচ্ছাটা তাদের কাজেকর্মেও স্পষ্ট। নইলে ঐচ্ছিক অনুশীলনের দিনেও এক রাজ্জাক ছাড়া সবাই কেন হাজির হবেন মাঠে! শরীরে একটু আড়ষ্ট ভাব আছে। রাজ্জাক মাঠে না গিয়ে বিশ্রামে ছিলেন সে জন্যই।
ট্রেনার ডেভিড ডয়ার নিত্যনতুন সব ট্রেনিং করান। কাল যেমন শেরে-বাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে রশি দিয়ে নেটের মতো বানিয়ে দুই দিকে ভাগ করে দিলেন খেলোয়াড়দের। একটা ফুটবলকে কখনো পায়ে, কখনো হেডে এপাশ থেকে ওপাশে নেওয়ার খেলা। বলতে পারেন অনেকটা হাত না লাগিয়ে ভলিবল খেলার মতো ব্যাপার। এটা করার পর পায়ের গোলপোস্টে দারুণ উত্তেজনাপূর্ণ এক ফুটবল ম্যাচ খেললেন মুশফিক-মাশরাফিরা। পুরো ম্যাচে একমাত্র গোলটি করলেন মাহমুদউল্লাহ। তীব্র শটে।

ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে নেট প্র্যাকটিস, কেউ কেউ এসবের আগে-পরেও অনেক সিরিয়াস। নাসির হোসেন নেট থেকে উঠে এসে সেন্টার উইকেটে ছক্কা মারার অনুশীলন করলেন লম্বা সময় নিয়ে। এ কাজটা যিনি নিয়মিতই করেন, সেই তামিম ইকবাল অবশ্য কাল দলের সঙ্গে খুব একটা অনুশীলন করলেন না। তবে অন্যরা অনুশীলন শুরু করার আগে তিনি ব্যাট হাতে দীর্ঘ সময় কাটালেন নেটে। হয়তো ব্যাটিংয়ে মনোসংযোগ বাড়াতেই সবার কাছ থেকে একটু দূরে থাকলেন তামিম। সন্দেহ নেই প্রথম ওয়ানডের ব্যর্থতা কাটাতেই নাসির-তামিমের এই বাড়তি উদ্যোগ।

পরশু ম্যাচ জিতলেও উইকেটের একটা বিশেষত্বে চোখ আটকে গেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় বাংলাদেশি পেসাররা কিছু বাউন্স পাচ্ছিলেন।

দ্বিতীয় ওয়ানডের দল নির্বাচনের আগে খুব সামান্য করে হলেও ব্যাপারটা চিন্তায় ঢুকেছে টিম ম্যানেজমেন্টের। ওপেনার এনামুল হক (বিজয়) যেহেতু রানে নেই, তাঁকে বসিয়ে কি জিয়াউর রহমানকে খেলানো যায়? জিয়া এলে পেস বোলিংয়ের সঙ্গে তাঁর ধুম ধাড়াক্কা ব্যাটিংটাও যোগ হয় দলে। অথবা এমনও হতে পারে, এনামুলের জায়গায় সুযোগ দেওয়া হলো ব্যাটসম্যান শামসুর রহমানকে। আবার রেখে দেওয়া হতে পারে আগের ম্যাচের উইনিং কম্বিনেশনটাই। কাল অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর দেওয়া আভাস অবশ্য সে রকমই, ‘কম্বিনেশনে পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা এখন পর্যন্ত নেই। যে কম্বিনেশন নিয়ে প্রথম ম্যাচ খেলেছি, সেই কম্বিনেশন নিয়েই খেলব।’ তবে দিবা-রাত্রির ম্যাচ যেহেতু, চূড়ান্ত একাদশ নির্বাচনের আগে কন্ডিশন বুঝতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।

বৃষ্টির আশীর্বাদে প্রথম ওয়ানডেতে ২৬৫ রান করেও জিতে গেছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহর মতে, ২৭৫-এর নিচে রান এই উইকেটে একটু কমই নিরাপদ। তবে ম্যাচ জয়ের প্রধানতম শর্ত তাঁর চোখে নিজেদের সেরা খেলাটা খেলা, ‘আমরা নিজেদের সেরা খেলাটা খেলছি বলে ওরা তাদের সেরাটা দিতে পারছে না। আমরা আত্মবিশ্বাসী। চেষ্টা করে যাব নিজেদের সেরা খেলাটা খেলতে।’

বাংলাদেশ চায় আজই সিরিজ জিততে, নিউজিল্যান্ড চায় সমতা। আর সেই সমতার জন্য মরণ কামড় দিতে প্রস্তুত তারাও। হোটেলে ঘুরে আর কফি খেয়ে টেলর-ম্যাককালামদের কালকের দিনটা ওপরে ওপরে যতই নির্ভার কাটুক না কেন, সিরিজে ফেরার প্রতিজ্ঞা টের পাওয়া যায় তরুণ জেমস নিশামের কথায়, ‘প্রথম ম্যাচটা হেরেছি বলে আমরা ভড়কে যাইনি। এমন নয় যে আমরা খোলসের ভেতর ঢুকে পড়ব। দ্বিতীয় ওয়ানডেতে জেতার জন্যই মাঠে নামবে নিউজিল্যান্ড দল।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচেও তাহলে এখন বারুদ পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে!