সিরিজ জিতল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুল করে মিড উইকেট দিয়ে অসাধারণ একটি ছয়। মরনে মরকেলকে মারা মাইক হাসির ওই ছয়েই উড়ে গেল সব শঙ্কা। ১৫ বল হাতে রেখে ৩ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া, একই সঙ্গে তিন ম্যাচের সিরিজও। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও আরও সংহত হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এই অর্জনের চেয়েও মাইকেল ক্লার্কের দলের কাছে যেটা গুরুত্বপূর্ণ হয়ে ধরা দিল, তা টেস্ট সিরিজ শুরুর আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস। পরশু ডারবানে প্রায় পুরো ম্যাচেই আধিপত্য ছিল অস্ট্রেলিয়ার। তবুও মাত্র ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারায় দলটি। তবে মাইক হাসির আরেকটি ঠান্ডা মাথার ইনিংস বিপদে পড়তে দেয়নি অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত ৪৫ রানে অপরাজিত ছিলেন হাসি। ম্যাচ শেষে হাসির প্রশংসা ঝরেছে অধিনায়ক মাইকেল ক্লার্কের মুখে, ‘ড্রেসিংরুমে সবাই কিছুটা হলেও অস্বস্তিতে ছিল, কিন্তু চাপের মুখে আবারও সে (হাসি) পারফর্ম করেছে।’হাসি দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ডার শেন ওয়াটসন। সাকিবের কাছে মাত্রই র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব খোয়ানো অলরাউন্ডার বল হাতে কোনো উইকেট না পেলেও ১০ ওভারে দিয়েছিলেন মাত্র ৪২ রান। এরপর ব্যাট হাতে ম্যাচের সবচেয়ে আক্রমণাত্মক ইনিংসটিও খেলেছেন। ১টি ছয় ও ৬টি চারে ৪৬ বলে ৪৯ করেন ওয়াটসন।এর আগে টসে জিতে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শুরুটা দারুণ করেছিল স্বাগতিকেরা। প্রথম দুই ওভারেই তুলে নেয় ২০ রান। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা করতে পারে ৬ উইকেটে ২২২ রান। হাফ সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক হাশিম আমলা (৫২) ও জ্যাক ক্যালিস (৫৪)।অস্ট্রেলিয়ার লক্ষ্য এখন ৯ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের দিকে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাই প্রত্যাশা করছেন মাইকেল ক্লার্ক, ‘পুরো ওয়ানডে সিরিজেই আমরা দেখেছি দল দুটি কতটা কাছাকাছি মানের। আশা করছি, টেস্ট সিরিজটাও এমনই হবে। তবে ওখানেও আমি জিততেই চাইব।’ এএফপি।